রক্ষণশীলতা না সংস্কারের পথে হাঁটবে ইরান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক চুক্তি-পরবর্তী গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনে গতকাল শুক্রবার ভোট দিয়েছেন ইরানিরা। উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি দেশের ভেতরের চাপ উপেক্ষা করে বিশ্বশক্তিগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি করার পর তাঁর জন্য এই নির্বাচনকে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এখন সংস্কার বাস্তবায়নে রক্ষণশীলদের আধিপত্য খর্ব দেখতে চান রুহানি। খবর এএফপির।
গতকাল স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। রাজধানী তেহরানের বাইরের ফল ২৪ ঘণ্টার ভেতরেই পাওয়া যাবে। ভোটারের সংখ্যা বেশি হওয়ায় তেহরানের ফল জানতে তিন দিন লেগে যেতে পারে।
পার্লামেন্টের ২৯০ আসনে ভোটের পাশাপাশি ইরানের প্রভাবশালী কমিটি বিশেষজ্ঞ পরিষদেরও ভোট হয়েছে কাল। ৮৮ সদস্যের এই পরিষদ খামেনির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে থাকে।
বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য ও জার্মানির সঙ্গে আলোচিত চুক্তিটি করার মাত্র এক মাসের মাথায় হলো এই নির্বাচন। এ কারণে একে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
ইরানিরা প্রেসিডেন্ট রুহানি-সমর্থিত প্রার্থীদের ভোট দিলে পার্লামেন্টে ক্ষমতার ভারসাম্য আসবে। এর ফলে সংস্কার বাস্তবায়নে আইন পাসের সুযোগ তৈরি হবে, যা এখন পর্যন্ত আটকে দিয়ে আসছেন রক্ষণশীলরা। ভোট দেওয়ার পর রুহানি সে কথাই বলেছেন। তিনি বলেন, সরকার এই ভোটকে আস্থার একটা বড় ছাপ হিসেবে দেখছে। পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্টের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছেন একদল উদারপন্থী ও সংস্কারবাদী প্রার্থী। সরকারপন্থী জোটের এই প্রার্থীরা ‘লিস্ট অব হোপ’ নামে পরিচিত, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ রেজা আরিফ। তিনি সংস্কারবাদী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে রক্ষণশীল প্রার্থীদের প্রধান গ্রুপটির নেতৃত্বে রয়েছেন গোলাম-আলী হাদাদ আদেল। সাবেক এই পার্লামেন্ট স্পিকার সর্বোচ্চ নেতা খামেনির বেয়াই। আদেলের মেয়ে খামেনির এক ছেলের স্ত্রী।