রক্ষা পেলেন বিমানের ২৪১ আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে গতকাল সোমবারের এ দুর্ঘটনায় বিমানটির প্রায় আড়াই শ আরোহীর কেউ হতাহত হননি।
সিঙ্গাপুরের প্রধান বিমানবন্দর চাংগি থেকে ইতালির উদ্দেশে ওড়ার কিছু সময় পর উড়োজাহাজটি জ্বালানি তেলের ব্যাপারে সতর্কবার্তা পায়। এ কারণে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টার মধ্যে সেটি চাংগি বিমানবন্দরে ফেরত আসে। অবতরণের পর বিমানটির ডানায় আগুন ধরে যায়। বলা হচ্ছে, উড়োজাহাজটি অবতরণের পর আগুন লাগে বলেই বেঁচে গেছেন এর আরোহীরা।
সিঙ্গাপুরের বিমান পরিবহন সংস্থা (এসআইএ) এক বিবৃতিতে বলেছে, ঘটনার পর বিমানবন্দরের জরুরি বিভাগের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। উড়োজাহাজটিতে ২২২ জন যাত্রী ও ১৯ জন ক্রু সদস্য ছিলেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ঘটনার ভিডিও ফুটেজ ছাড়েন যাত্রীদের কেউ কেউ। একজন যাত্রী ফেসবুকে ‘মৃত্যুর সময় ঘনিয়ে আসার’ সময় জরুরি সেবা কর্মীদের ভীষণ উদ্বিগ্ন মুহূর্ত পার করার বর্ণনা দেন।
ভিডিও ক্লিপ জুড়ে দিয়ে লি বি ই নামের এক যাত্রী ফেসবুকে লেখেন, ‘চাংগি বিমানবন্দরে ফিরে উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এর ইঞ্জিনে আগুন ধরে যায়!!! দেখা যায় বিশাল অগ্নিকুণ্ড। স্রষ্টাকে ধন্যবাদ যে প্রাণে বেঁচে গেছি।’
ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন ধরে যাওয়া উড়োজাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।