রবীন্দ্রনাথের রচনা স্কুলপাঠ্য থেকে সরানোর সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে স্কুলপাঠ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সরানোর সুপারিশ করেছে রাষ্ট্রীয় সেবক সংঘপন্থী (আরএসএস) সংগঠন ‘শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস’। কলকাতার সংবাদমাধ্যম গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।

তবে ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেদকার বলেছেন, পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথের রচনা সরানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। রাজ্যসভায় তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সাহিত্যে যাঁদের অবদান আছে, তাঁদের প্রতি আমরা সম্মান জানাই এবং এমন কোনো রচনা আমরা সরাব না।’

রবীন্দ্রনাথবিরোধীদের অভিযোগ, তিনি জাতীয়তাবাদ ও মানবতাবাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা করেছেন। আর এই অভিযোগ তুলে আরএসএসের শিক্ষা শাখা বিদ্যা ভারতীর সাবেক প্রধান দীননাথ বাত্রা ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (এনসিইআরটি) কাছে তাঁর রচনা বাতিলের সুপারিশ করেছেন।

দীননাথ বাত্রার এমন সুপারিশ শোনার পর গত সোমবার উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। এদিন জিরো আওয়ারে বিষয়টি সংসদে তোলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ‘কবিগুরু দেশের সম্পদ। তিনি ভারতের জাতীয় সংগীত রচনা করেছেন। তাঁকেই পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হবে? এসব কী হচ্ছে দেশে?’ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বিশ্বকবিকে আটকে রাখার এই উদ্ভট চিন্তার বিরুদ্ধে শুধু বাংলার মানুষই নয়, গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠবে।’

দীননাথ বাত্রার দাবি, পাঠ্যপুস্তক থেকে ইংরেজি, উর্দু ও আরবি শব্দ বাদ দেওয়া হোক। তাঁর আক্রমণ থেকে অবশ্য মকবুল ফিদা হোসেন, মির্জা গালিবও বাদ যায়নি।