রহস্যেই মোড়া থাকল এমএইচ৩৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের যাত্রীদের বেশির ভাগ ছিলেন চীনের নাগরিক। তাঁদের জন্য প্রার্থনা করতে গতকাল চীনের রাজধানী বেইজিংয়ে একটি মন্দিরে জড়ো হন স্বজনেরা। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন l ছবি: রয়টার্স
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের যাত্রীদের বেশির ভাগ ছিলেন চীনের নাগরিক। তাঁদের জন্য প্রার্থনা করতে গতকাল চীনের রাজধানী বেইজিংয়ে একটি মন্দিরে জড়ো হন স্বজনেরা। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন l ছবি: রয়টার্স

ছয় মাস আগে রহস্য গল্পটার শুরু বিস্ময় সৃষ্টিকারী এক সংবাদ বুলেটিন প্রচারের মধ্য দিয়ে। মালয়েশিয়া এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে হঠাৎ রাডারের চোখ ফাঁকি দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। বিমানটিতে সে সময় ২৩৯ জন আরোহী ছিলেন।
এভাবে বিমানটির আকস্মিক হারিয়ে যাওয়া ছিল পুরোটাই এক রহস্যের জালে ঘেরা। তবে কি এটা ছিল কোনো সন্ত্রাসী হামলা? নাকি যান্ত্রিক গোলযোগে বিধ্বস্ত হওয়ার ঘটনা? বিমানটি কি মাটিতে আছড়ে পড়েছে, না পানিতে? আরোহীদের কেউ কি আদৌ বেঁচে আছেন?—সৃষ্টি হয় এ রকমই নানা প্রশ্ন। এসব প্রশ্নেরই হয়তো উত্তর মিলত যদি বাঘা বাঘা অনুসন্ধানকারীরা নিখোঁজ বিমান বা এর ধ্বংসাবশেষের সন্ধান পেতেন। কিন্তু নাহ! বছরের অর্ধেকটাই পেরিয়ে গেল, তবু এমএইচ৩৭০ রয়ে গেল সেই গভীর রহস্যেই আবৃত। তন্ন তন্ন করে খুঁজে বিমানের পুড়ে যাওয়া একটা অংশও যেমন উদ্ধার করা যায়নি, তেমন নাগাল পাওয়া যায়নি এর ধ্বংসাবশেষের ছিটেফোঁটাও।
এমএইচ৩৭০ ফ্লাইটের মালয়েশীয় বিমান ‘বোয়িং ৭৭৭-২০০ইআর’-এর রহস্যময় নিখোঁজের ঘটনার ছয় মাস পূর্তি হলো গতকাল ৮ সেপ্টেম্বর। গত ৮ মার্চের এ দিনটিতে এয়ারলাইনস কর্মকর্তারা ঘোষণা করেছিলেন, ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে বিমানটি নিখোঁজ হয়েছে। এটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে বলে তাঁদের ধারণা।
তবে এখন কর্তৃপক্ষের বিশ্বাস, দক্ষিণ চীন সাগর বা কোনো ভূখণ্ড নয়, বিমানটি বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ভারত মহাসাগরের প্রত্যন্ত জলসীমায়। স্যাটেলাইট ও রাডারে ধারণকৃত সর্বশেষ তথ্য এ ইঙ্গিতই দেয়, বিমানটি মাঝ আকাশে গতিপথ পাল্টে ফেলে এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ায় একসময় তা বিধ্বস্ত হয়ে লুটিয়ে পড়ে।
অনুসন্ধান অভিযান চলছেই: ২৬টি দেশের সমন্বয়ে চলা অনুসন্ধান অভিযানে এরই মধ্যে অংশ নিয়েছে বেশ কয়েকটি বিমান ও জাহাজ। অভিযানে চষে ফেলা হয়েছে ৪৫ লাখ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা। অনুসন্ধান চলেছে পানির তলদেশে চলায় সক্ষম ড্রোন বা চালকবিহীন বিমান দিয়েও। তবে এর কিছুই ফল বয়ে আনেনি। মেলেনি ময়লা-আবর্জনা ছাড়া অন্য কিছু। তা ছাড়া এ পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে, সেসব ছড়িয়েছে কেবল বিভ্রান্তিই।
আশার কথা, অনুসন্ধান কার্যক্রমে নিয়োজিত অস্ট্রেলীয় বিশেষজ্ঞরা বলেন, অতিসম্প্রতি সাগরের তলদেশে একটি শব্দধারণযন্ত্রের খোঁজ পেয়েছেন তাঁরা। এটি বিমানটির নিখোঁজ-রহস্যের জট খুললেও খুলতে পারে। আর এ মাসেরই শেষ নাগাদ সাগরের ৬০ হাজার বর্গকিলোমিটার এলাকার ওপর মনোনিবেশ করে শুরু হতে যাচ্ছে অনুসন্ধান অভিযানের পরবর্তী ধাপের কার্যক্রম!
স্বজনহারাদের প্রতিক্রিয়া: নিখোঁজ আরোহীদের স্বজনদের অনেকেরই এখনো আশা, তাঁদের প্রিয়জনেরা একদিন ঠিক ফিরে আসবেন। তবে তাঁরা বলেন, সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মকর্তাদের আচরণ, ঘটনায় প্রতিবাদ জানানো ব্যক্তিদের আটক ও তাঁদের ওপর চীনা পুলিশের মারধরের ঘটনায় গত ছয় মাসের যন্ত্রণাদায়ক অনিশ্চয়তা আরও জটিলই হয়েছে।
বিমান নিখোঁজের ছয় মাস পূর্তির দিনটিতে বিশেষত ১৫৪ জন চীনা আরোহীর স্বজনের মনে গতকাল বারবারই ঘুরপাক খায় একটি প্রশ্ন, যা সবাইকেই কিংকর্তব্যবিমূঢ় করে। তাঁদের প্রশ্ন, স্মার্টফোন দিয়ে পরিচিত কেউ রাস্তার কোথায় দাঁড়িয়ে আছেন তা যদি নির্ণয় করা যায়, তবে এতজন যাত্রী নিয়ে আস্ত একটা বিমান নিমেষেই মিলিয়ে গেল, পরে কাউকে কোনো বার্তা না পাঠিয়ে কয়েক ঘণ্টা আকাশে উড়ল, আর ছয় মাসেও তার খোঁজ মিলল না, আজকের এ যুগে এ-ও সম্ভব? খবর বিবিসি, সিএনএন, মালয়েশিয়া ক্রনিকলের।