রাকার 'ওল্ড সিটি'তে সিরীয় বাহিনীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে রাকা শহরের ওল্ড সিটির পুনর্দখল নিতে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার বাহিনী। অভিযানে তারা ওল্ড সিটিকে ঘিরে রাখা দেয়ালের কয়েকটি স্থান ভেঙে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, যৌথ বাহিনীর সহায়তায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ঐতিহাসিক রাফিকা ওয়ালের দুটি স্থান ভেঙে ফেলে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বিমানবাহিনীর সহায়তায় এসডিএফ গত কয়েক মাসের চেষ্টায় শহরটি ঘিরে ফেলে। রাকা শহরটিকে একজন ইসলামিক নেতার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এলাকার (খিলাফত) রাজধানী দাবি করে ২০১৪ সালে এর দখল নেয় আইএস।
যুক্তরাষ্ট্র-সমর্থিত যৌথ বাহিনীর সূত্র জানায়, জিহাদিদের অভিযানের জন্য শহরটি গুরুত্বপূর্ণ। এসডিএফ বাহিনী শহরের গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ করে দিলেও আইএস কর্মকর্তারা দেইর আল-জোর শহরে পালিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।