সিরিয়ায় বাড়তি মার্কিন সেনা
সিরিয়ার রাকায় ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে হামলার জন্য কয়েক শ মেরিন সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসের কথিত এ ‘রাজধানী’ দখলে লড়াইরত মিত্র বাহিনীকে সহায়তা করবে এই সেনারা।
কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ৫০০ সদস্য ইতিমধ্যে রাকার কাছে অবস্থান করছে। তারা মূলত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে প্রশিক্ষণ কাজে সহায়তা করছে। এ পরিস্থিতিতেই দেশটি সেখানে নতুন সেনা পাঠাচ্ছে।
পেন্টাগনের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে বলেন, মেরিন সেনারা রাকা শহরের কাছে একটি চৌকি স্থাপন করবে। সেখান থেকে ৩২ কিলোমিটার দূরে আইএস ঘাঁটিতে বোমা হামলা চালানো হবে।
সিরিয়ার রাকা ও ইরাকের মসুল আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে ধরা হয়। সেগুলো পুনর্দখলে অভিযান চলছে। রাকায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এবং মসুলে ইরাকি বাহিনীকে সহায়তা করছে মার্কিন সেনারা।
রাকায় হামলায় বেসামরিক প্রাণহানি
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার রাকার কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১৪ বেসামরিক লোক নিহত হয়েছে। তাঁদের মধ্যে ছয়টি শিশু। রাকাকে আইএসের ‘রাজধানী’ বিবেচনা করা হয়।
গতকাল সিরিয়ান অবজারভেটরি জানায়, রাকার দক্ষিণ-পূর্বে একটি গ্রামে হামলা চালায় মার্কিন বিমান। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে মার্কিন বাহিনী। তারা সেখানে আইএসবিরোধী হামলাও চালাচ্ছে। তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বেসামরিক লোক হতাহত হওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি।