রাকায় ঢুকে পড়েছে সিরিয়ার সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। রাশিয়ার বিমান হামলার সহায়তা নিয়ে সেনাবাহিনী জঙ্গিদের হটিয়ে গতকাল সিরিয়ায় আইএসের কথিত রাজধানী রাকায় ঢুকে পড়েছে। অন্যদিকে, মার্কিন বিমান হামলার সহায়তা নিয়ে বিদ্রোহী জোট বাহিনী আইএস নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় মানবিজ এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে।
অন্যদিকে ইরাকের আইএস নিয়ন্ত্রিত ফালুজার মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত দুটি শহর পুনর্দখল করে নিয়েছে সরকারি বাহিনী। ইরাকি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাঁরা ফালুজার কেন্দ্রস্থল পুনর্দখলে এগিয়ে যাচ্ছে।
এই নিয়ে গত কয়েক দিনে ইরাক ও সিরিয়ায় তিনটি বড় ধরনের হামলার মুখোমুখি হলো আইএস। দেশ দুটির বিশাল অংশ দখল করে কথিত খিলাফত ঘোষণার পর এই প্রথম এ ধরনের চাপে পড়ল সংগঠনটি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, শুক্রবার অভিযানের সময় আইএসের ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে সিরীয় সেনাবাহিনীকে সমর্থন জুগিয়েছে রাশিয়া। রাকার কাছে সিরীয় সেনাবাহিনী পৌঁছানোর আগে পার্শ্ববর্তী হামা প্রদেশের আইএস অধিকৃত এলাকায়ও রুশ বিমান থেকে হামলা চালানো হয়। এর পূর্বদিকে সিরিয়ায় আইএসের প্রধান ঘাঁটি রাকা প্রদেশের প্রধান শহর আল রাকা। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, রাকার কিছু এলাকা মুক্ত করেছে সেনাবাহিনী। জঙ্গিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবজারভেটরি জানিয়েছে, লড়াইয়ে আইএসের অন্তত ২৬ জন যোদ্ধা এবং সিরীয় সেনাবাহিনী ও তাদের মিত্রদের নয়জন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্র-সমর্থিত বিদ্রোহী জোটের যোদ্ধারা আলেপ্পো প্রদেশের মানবিজ এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে। বিদ্রোহীরা রাকা থেকে ওই এলাকার সড়কপথ বন্ধ করে দিয়েছে। ফলে ওই পথ দিয়ে আইএস নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্র ও খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে।
মানবিজে বিদ্রোহীদের মুখপাত্র শারফান দারবিশ এএফপিকে বলেছেন, বেসামরিক লোক যাতে হতাহত না হয়, সেদিকে খেয়াল রেখে তাঁরা হামলা চালাচ্ছেন।
ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শনিবার ফালুজার ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাকলাবিয়া শহর আবার দখল করে নেন। সেনারা সেখানে গুরুত্বপূর্ণ ভবনগুলোয় দেশের জাতীয় পতাকা উত্তোলন করে বলে ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ড জানিয়েছে। সেনা কর্মকর্তারা বলেছেন, সেনাসদস্যরা আইএসের পেতে রাখা শত শত হাতে তৈরি বোমার খোঁজে শহরজুড়ে রাস্তাগুলোয় তল্লাশি চালান। শহরের দক্ষিণে একটি ভেলায় করে ইউফ্রেটিস নদী পার হয়ে পালিয়ে যাওয়ার সময় একদল আইএস যোদ্ধা জোট বাহিনীর এক বিমান হামলায় নিহত হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন।
মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ফালুজায় আইএসের কমান্ড সেন্টার ও সুড়ঙ্গের নেটওয়ার্কে বোমা বর্ষণ করার পরদিন সাকলাবিয়া শহর সরকারি বাহিনীর দখলে এল।
ফালুজার দখল নিয়ে তীব্র লড়াইয়ের মধ্যে ২০ হাজার শিশুসহ ৫০ হাজার লোক সেখানে আটকা পড়েছে। জাতিসংঘ বলছে, আইএসের পক্ষে লড়াই করতে রাজি না হলে পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। এ ছাড়া সেখানে প্রচণ্ড গোলাবর্ষণেও বেসামরিক লোকজন হতাহত হচ্ছে।
জাতিসংঘের হিসাবে সিরিয়ার গৃহযুদ্ধে দেশজুড়ে আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে এক কোটির বেশি।