রাকায় তুমুল লড়াই, নিহত ৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি সিরিয়ায় রাকায় ব্যাপক লড়াই চলছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার সরকারি বাহিনী এবং আইএসের মধ্যে লড়াইয়ে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি জানায়, গত মঙ্গলবার সকাল থেকে ব্যাপক লড়াই শুরু হয়। সরকারি বাহিনী রাকা পুনর্দখলের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে লড়াই তীব্র হচ্ছে। মঙ্গলবারের লড়াইয়ে নিহত ব্যক্তিদের মধ্যে উগ্রবাদী ৩৪ জন এবং সরকারি বাহিনীর ২৬ জন। এ নিয়ে রাকার পূর্ব দিকে ফোরাতের তীরে গত ছয় দিনের লড়াইয়ে কমপক্ষে ১৪৫ জন নিহত হলেন।

২০১৫ সালের পর থেকে সিরিয়া এবং ইরাকের বিভিন্ন শহর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। সর্বশেষ ইরাকের মসুলে তারা দেশটির সেনাবাহিনীর কাছে পরাজিত হয়। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশেই তাদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। সেটি পুনর্দখলে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে সিরীয় বাহিনী এবং কুর্দি যোদ্ধারা।

সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, রাকা এবং এর পার্শ্ববর্তী দেইর ইজর এলাকায় নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে সিরিয়ার সরকারি বাহিনী। এই লক্ষ্যে তারা আক্রমণ তীব্র করছে। এদিকে মঙ্গলবার এক বার্তায় আইএস বলেছে, তারা জোর লড়াই এবং প্রতিরোধ অব্যাহত রেখেছে। তাদের হাতে সরকারি বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন। এ মাসের শুরুতে রাকার পূর্বাঞ্চলীয় মাদান শহরে হাজির হয় সরকারি বাহিনী। কিন্তু আইএসের যোদ্ধাদের হামলায় তারা পিছু হটতে বাধ্য হয়। এরপর আবার ফিরে এসে লড়াইয়ে নামে সরকারি বাহিনী।