রাখাইন নিয়ে 'বিকৃত সংবাদ' প্রচারিত হচ্ছে: মিয়ানমার সরকার

রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছে মিয়ানমার সরকার। দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী উইন মিয়াইন এ এবং কেন্দ্রীয় সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থন তান গতকাল এ বিষয়ে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমগুলোর সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলেছেন, রাখাইন রাজ্যের অবস্থা নিয়ে ‘বিকৃত সংবাদ’ প্রচার করা হচ্ছে এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
মিজিমা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নেপিডোতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাখাইন রাজ্যের বর্তমান অবস্থার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়। কেন্দ্রীয় সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থন তান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব প্রচার চালানো হচ্ছে, সেগুলোর মাধ্যমে সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। রাখাইনের উত্তরাঞ্চলে থাকা সম্প্রদায়গুলোর মধ্যে এরই মধ্যে বিভক্তি রয়েছে। এসব অপপ্রচার বিভক্তি আরও বাড়াবে। এতে করে মিয়ানমার সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে ভুল ধারণা ছড়িয়ে পড়ছে।’
গণমাধ্যমকে মিয়ানমার সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকার শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে কাজ করে চলেছে। রাখাইন রাজ্যের উন্নয়ন করতে চায় সরকার। এ জন্য সঠিকভাবে এই রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন করা প্রয়োজন।
কেন্দ্রীয় সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থন তান বলেন, ২০১৬ সালের অক্টোবর মাসে যে হামলা চালানো হয়েছিল, তার চেয়ে সাম্প্রতিক হামলা প্রকৃতিগতভাবে ভিন্ন। বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠী ওই অঞ্চলকে পৃথক করতে চাইছে। আর এ জন্য সুকৌশলে হামলা চালাচ্ছে তারা। নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের হত্যা করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষও হুমকিতে রয়েছে।
তিনি আরও বলেন, সরকার কোনোভাবেই সন্ত্রাসবাদকে সহ্য করবে না এবং দেশের অন্যান্য রাজ্যে সন্ত্রাসীদের ছড়িয়ে পড়ার প্রচেষ্টা প্রতিহত করবে।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী উইন মিয়াইন এ বর্তমান পরিস্থিতিতে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানান। তিনি বলেন, যেসব এলাকায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, ওই সব এলাকায় সব সম্প্রদায়ের মানুষের মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিশেষ করে উদ্বাস্তুদের নিরাপত্তা, স্বাস্থ্য সুবিধা ও ত্রাণ দেওয়া নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের পুনর্মিলনেও সহায়তা করা হচ্ছে।
এই কেন্দ্রীয় মন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ত্রাণ বিতরণ ও মানবিক সাহায্য দেওয়ার কাজে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং স্থানীয় রেড ক্রস সমন্বিতভাবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সরকারের এ দুই প্রতিনিধি। মোট ৫৭টি স্থানীয় ও বিদেশি সংবাদ সংস্থার ৭০ জন প্রতিনিধি এই সংবাদ সম্মেলনে অংশ নেন।