রাখাইন পুড়ছে : এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা পুড়ছে। উপগ্রহ চিত্রে এর প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এই অগ্নিকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের জন্য রাখাইন রাজ্যে প্রবেশাধিকার দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সংস্থার ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘রাখাইন রাজ্যে কোন মাত্রায় ধ্বংসযজ্ঞ চলছে, তা অনুধাবনের জন্য দাতা সংস্থা ও জাতিসংঘের সংস্থাগুলোর উপদ্রুত এলাকায় প্রবেশের অনুমতি চাওয়া উচিত। উপগ্রহে পাওয়া নতুন তথ্য ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে এবং আশু পদক্ষেপ গ্রহণের পরিস্থিতি সৃষ্টি করেছে। বিচ্ছিন্নতাবাদীদের ওপর সব দোষ চাপিয়ে দিয়ে সরকার নির্যাতন বন্ধের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও সহিংসতার অভিযোগের তদন্ত এড়িয়ে যেতে পারে না।’
২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাক্যাম্পে হামলা চালায়। সরকারি সূত্র বলেছে, ওই হামলায় ১০ পুলিশ কর্মকর্তা, একজন সেনা ও একজন অভিবাসী কর্মকর্তা নিহত হয়েছেন। অন্যদিকে নিহত হয়েছেন ৭৭ জন বিচ্ছিন্নতাবাদী। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় ‘শুদ্ধি অভিযান’ শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী।
উপগ্রহে পাওয়া নতুন ছবিতে দেখা গেছে, ২৫ আগস্ট বিকেলে রাথেডং শহরের জায় দি পিন ও কোয়ে তান কোউক গ্রামে আগুন জ্বলছিল। ২৮ আগস্ট সকাল থেকে বিকেলের মধ্যে আরও আটটি স্থানে ব্যাপক অগ্নিকাণ্ডের অস্তিত্ব পাওয়া যায়। এসব এলাকার মধ্যে মংডু শহর ও এর বিভিন্ন গ্রাম রয়েছে। এইচআরডব্লিউ আশঙ্কা প্রকাশ করে বলছে, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের আরও অনেক এলাকায় হয়তো অগ্নিকাণ্ড ঘটেছে। কিন্তু উপগ্রহ ও পরিবেশগত সীমাবদ্ধতার কারণে তা চিহ্নিত করা যায়নি। কারণ, মৌসুমি ঋতুর কারণে এখন আকাশে ভারী মেঘের আনাগোনা বেড়ে গেছে। এ কারণে উপগ্রহের মাধ্যমে দিয়ে সব এলাকার স্পষ্ট ছবি তোলা সম্ভব হচ্ছে না।
উপগ্রহে পাওয়া ছবিতে যেসব এলাকায় অগ্নিকাণ্ডের অস্তিত্ব পাওয়া গেছে, সেগুলোর সঙ্গে গণমাধ্যমে আসা ও সংগৃহীত খবর মিলিয়ে দেখেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, এসবের মধ্য মিল পাওয়া গেছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘সরকারের উচিত অধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্তে জোর দেওয়া। তা না হলে ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংখ্যা বাড়তেই থাকবে।’
