রাখাইন রাজ্যে গিয়ে বিক্ষোভের মুখে কফি আনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাখাইন রাজ্যে কফি আনানের গাড়ি বহর ঘিরে বিক্ষোভ l এএফপি
রাখাইন রাজ্যে কফি আনানের গাড়ি বহর ঘিরে বিক্ষোভ l এএফপি

জাতিগত সহিংসতায় আক্রান্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে গিয়ে গতকাল মঙ্গলবার বৌদ্ধভিক্ষুদের বিক্ষোভের মুখে পড়লেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তিনি দেশটির পশ্চিমাঞ্চলীয় এই দারিদ্র্যপীড়িত রাজ্যে জাতিগত সংঘাত নিরসনের পন্থা বের করতে গঠিত একটি কমিশনের প্রধান।
মিয়ানমার সরকারের অঘোষিত প্রধান অং সান সু চির উদ্যোগে ওই কমিশন গঠিত হয়েছে। ২০১২ সালে রাখাইন রাজ্যে সংঘটিত ভয়াবহ দাঙ্গায় সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের হামলায় কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম তাদের বসতভিটা ছাড়তে বাধ্য হয়। নিহত হয় শতাধিক রোহিঙ্গা।
আনান গতকাল রাখাইন রাজ্যের রাজধানী সিত্তোয়ে গিয়ে পৌঁছানোর পরপরই বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ বৌদ্ধরা ‘কফি আনানের কমিশন চাই না’ বলে জোরে জোরে চীৎকার করতে থাকে। বিক্ষোভকারীরা ‘রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশির হস্তক্ষেপ চাই না’—এমন কথা লেখা প্লাকার্ড বহন করছিল। তাদের একজন মে ফুয়ে বলেন, ‘আমরা আমাদের দেশের মানুষের দেওয়া সিদ্ধান্ত চাই। আমাদের সিদ্ধান্ত কোনো বিদেশি দিক তা চাই না। এ জন্যই আমরা বিক্ষোভ করছি।’
এ বিক্ষোভের প্রেক্ষাপটেই আনান রাখাইন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি যে ভবনে আলোচনা করছিলেন, তার পাশেই চলছিল বিক্ষোভ। স্থানীয় রাখাইনদের উদ্দেশে কফি আনান বলেন, ‘আমার এই প্রথম সফর আপনাদের কথা শোনার এবং আপনাদের কাছে থেকে শেখার সুযোগ করে দিয়েছে।’
মিয়ানমারের বৌদ্ধদের অনেকেই ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহারের বিপক্ষে। তারা সরকারের মতো সংখ্যালঘু এই সম্প্রদায়ের মানুষকে ‘বাঙালি’ হিসেবে দাবি করে। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের এই মনোভাবের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে না পারার জন্য মানবাধিকার সংগঠনগুলো সু চির সমালোচনা করেছে।