রাখাইনে অভিযানের তদন্ত চায় জাতিসংঘ
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেসামরিক লোকজন হত্যা এবং কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাখাইনে নিরাপত্তা বাহিনী সম্প্রতি মানুষজনকে উচ্ছেদ করেছে বলে অভিযোগ মিলেছে।
সাহায্য সংস্থাগুলোর হিসাবে রাখাইনে দুই সপ্তাহ আগে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তখন সেখানকার অন্তত ১৫ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ওই এলাকায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের আবাস। মিয়ানমারের সরকার বলছে, ৯ অক্টোবর কয়েকটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলার নেপথ্যে রোহিঙ্গারা জড়িত ছিল। তালেবানের কাছ থেকে প্রশিক্ষিত একজন জিহাদি ওই হামলায় নেতৃত্ব দেয়। এ ঘটনার জবাবেই নিরাপত্তা বাহিনী রাখাইনে রোহিঙ্গাদের এলাকায় অভিযান চালিয়েছে।
রাখাইনের ওই এলাকায় লাখো মানুষের জন্য সেনাবাহিনী ত্রাণ সরবরাহও বন্ধ করে দিয়েছে। সেখানে মানবাধিকার সংগঠন এবং সাংবাদিকদের প্রবেশেও বাধা দিচ্ছে তারা। ঘটনাস্থলে আটকা পড়া লোকজনের বেশির ভাগই রোহিঙ্গা সম্প্রদায়ের। মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী মনে করে।
জাতিসংঘ গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে রাখাইনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোকজনের ঘরবাড়ি ও মসজিদ পুড়িয়ে দেওয়ার খবর আশঙ্কাজনক ও অগ্রহণযোগ্য। কর্তৃপক্ষ কোনো অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়েই শুধু সন্দেহের বশে লোকজনের ওপর গুলি চালাতে পারে না।
সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের অভিযোগের বিস্তারিত যাচাই করা কঠিন। তাই জাতিসংঘ বলছে, নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে যখন-তখন গ্রেপ্তার এবং বিচারবহির্ভূত হত্যার একের পর এক অভিযোগ তাদের কাছে এসেছে।
রাখাইনে ২০১২ সালেও এ ধরনের সহিংসতা হয়েছিল। তখন অন্তত ১০০ জন প্রাণ হারায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সেনাবাহিনী বলছে, সম্প্রতি আত্মরক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তত ৩১ জনকে হত্যা করেছেন।
আরাকান প্রজেক্ট নামের একটি সংগঠনের প্রতিনিধি ক্রিস লেওয়া বলেন, ওই এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করে তাঁরা আরও বেশি মানুষ নিহত হওয়ার খবর পেয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সমন্বিত অভিযান ক্রমশ জোরদার হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী গত দুই দিনে কিকানপিন গ্রাম থেকে কয়েক হাজার রোহিঙ্গাকে বের করে দিয়েছে। এখন তাঁরা অন্য গ্রামে আশ্রয় নিয়েছেন। নিজেদের গ্রামে সেনারা অবস্থান করায় সেখানে ফেরার উপায় নেই।
পুলিশের একাধিক সূত্র নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় ‘সন্ত্রাসীদের’ খোঁজে তল্লাশি চালাচ্ছেন। এ সময় গ্রামবাসীদের একটি অংশ পালিয়ে গেছে।