রাখাইনে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ২৬ জন সশস্ত্র হামলাকারী বলে দাবি করেছে দেশটির ওই দুই বাহিনীর কর্তৃপক্ষ। এদিকে চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মিয়ানমার সরকারের প্রতি ‘সর্বোচ্চ নমনীয়তা’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
রাখাইনে বাংলাদেশের সীমান্তবর্তী তিনটি পুলিশ ফাঁড়িতে গত রোববার হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দাবি, হামলাকারীরা রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর। ওই হামলায় নয় পুলিশ সদস্য নিহত হন। হামলার সময় বেশ কিছু অস্ত্র ও ১০ হাজার গুলি ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
রোববারের হামলার পরপরই মিয়ানমারের সেনা ও পুলিশ বাহিনী রাখাইনে অভিযান শুরু করে। এ ব্যাপারে দেশটির রাষ্ট্রপরিচালিত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার গতকাল জানিয়েছে, দেশটির নেতা অং সান সু চি বলেছেন, তাঁর সরকার হামলার জবাবে ‘আইনের শাসন প্রতিষ্ঠায়’ কাজ করছে।
মিয়ানমারের সরকারি সূত্রগুলো বলেছে, রাখাইনের মংডু শহরে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনার সময় তাদের সঙ্গে পিস্তল, তরবারি ও চাকু নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় প্রায় ৩০০ লোক। দেশটির সেনাবাহিনী পরিচালিত সংবাদপত্র মিয়াওয়াদি জানিয়েছে, মংডুর কিতিওপিন গ্রামে গত মঙ্গলবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। সেনাবাহিনীর অভিযোগ, গত বুধবার এ রাজ্যের কাইকানপিন গ্রামের ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা।
এদিকে রোববারের হামলায় মিয়ানমার সরকারের ‘কড়া’ প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার ও সংখ্যালঘু রোহিঙ্গাদের পক্ষে কাজ করা সংস্থাগুলো বলেছে, নিরাপত্তা বাহিনীর এসব অভিযানে বঞ্চিত এ জনগোষ্ঠীই ভুক্তভোগী হবে।
রাখাইন রাজ্যে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার-বিষয়ক বিশেষ উপদেষ্টা বিজয় নাম্বিয়ার বলেছেন, স্থানীয় জনগোষ্ঠীর নেতাদের এক জোট হয়ে পরিস্থিতি মোকাবিলা এবং বৌদ্ধ-মুসলিম জনগোষ্ঠীর মধ্যে চলমান বিদ্বেষ নিরসনে কাজ করা উচিত।