রাখাইনে ফের সহিংসতা, নিহত ৮৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাখাইনে সহিংসতার পর লোকজন বাড়িঘর ছেড়ে সীমান্তের দিকে ছুটছেন। মানবাধিকার সংগঠন ফট্রিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথু স্মিথ–এর টুইট থেকে নেওয়া ছবি
রাখাইনে সহিংসতার পর লোকজন বাড়িঘর ছেড়ে সীমান্তের দিকে ছুটছেন। মানবাধিকার সংগঠন ফট্রিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথু স্মিথ–এর টুইট থেকে নেওয়া ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তচৌকিতে ‘রোহিঙ্গা জঙ্গিদের’ হামলার জের ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির দপ্তর গতকাল শুক্রবার জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা ১২। অন্য ৭৭ জনকে ‘জঙ্গি’ বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল শুক্রবার ভোরে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুসলিম বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনীর কমপক্ষে ২০টি তল্লাশিচৌকিতে এই হামলায় নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাণ বাঁচাতে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গতকালই ১৪৬ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে গত বছরের অক্টোবরে রাখাইনের সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলার পর সশস্ত্র বাহিনী ব্যাপক নিধনযজ্ঞ শুরু করে। ওই ঘটনার জের ধরে এ বছরের জুলাই পর্যন্ত প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সরকারি হিসাবে আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে।

রাখাইনের ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। গতকাল অং সান সু চি তাঁর বিবৃতিতেও এ কথা উল্লেখ করেন। বৃহস্পতিবার আনান কমিশন চূড়ান্ত প্রতিবেদনে যে ৮৮টি সুপারিশ করেছে, তার মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতের পাশাপাশি তাদের চলাফেরায় বিধিনিষেধ প্রত্যাহারের ওপর জোর দেওয়া হয়েছিল।

দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) নামের একটি সংগঠন গতকালের হামলার দায় স্বীকার করেছে এবং আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, ‘আমরা বার্মিজ মারাডিং বাহিনীর বিরুদ্ধে এই এলাকার ২৫টির বেশি স্থানে আমাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম গ্রহণ শুরু করেছি। সামনে আরও হবে।’ সংগঠনটি আগে হারাকাহ আল-ইয়াকিন নামে পরিচিত ছিল। মিয়ানমারের সন্ত্রাসবাদবিষয়ক কেন্দ্রীয় কমিটি গতকাল সন্ধ্যায় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে।

গতকাল বিকেলে ঢাকা ও ইয়াঙ্গুনের কূটনৈতিক সূত্রগুলোতে যোগাযোগ করে জানা গেছে, ১১ আগস্ট থেকে রাখাইনের মংডু, রাথিডং ও বুথিডংয়ে সেনা সমাবেশ নিয়ে সেখানকার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। বিদ্রোহ দমনের নামে দুর্গম পার্বত্য এলাকার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সর্বশেষ সংঘর্ষের পর ‘নির্মূল অভিযান’ শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃহস্পতিবারের হামলার জবাবে গত অক্টোবরের চেয়ে এবার আরও ব্যাপক ও সমন্বিত রক্তক্ষয়ী অভিযান শুরু করতে পারে সেনাবাহিনী। রাখাইনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়নকে সাময়িকভাবে হলেও বিঘ্নিত করতে পারে। কারণ, মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলের পিছিয়ে পড়া রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতির ওপরই আগামী কিছুদিন সরকারের নজর থাকবে। 

ইয়াঙ্গুনের একটি কূটনৈতিক সূত্র গত রাতে প্রথম আলোকে জানায়, রাখাইন রাজ্যে সাম্প্রতিক সেনা মোতায়েনের পর থেকে সম্ভাব্য অভিযান থেকে নিরীহ জনসাধারণকে সুরক্ষার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায় চলতি সপ্তাহে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তার প্রস্তাব দিয়েছিল। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রেনাটা লক ডেসালিয়েনের নেতৃত্বে উদ্যোগটি নেওয়া হয়। মিয়ানমার এই উদ্যোগে সাড়া না দেওয়ায় এটা স্পষ্ট যে অভিযানের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে রোহিঙ্গাদের দেশছাড়া করতে চায় সেখানকার কর্তৃপক্ষ।

রাখাইনের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে কফি আনান বলেছেন, এ রকম নিষ্ঠুর ও কাণ্ডজ্ঞানহীন হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার পেছনে কোনো কারণ থাকতে পারে না। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে সংযত থাকতে বলেছেন। সেই সঙ্গে নিরপরাধ বেসামরিক লোকজনের যাতে ক্ষতি না হয়, সেটাও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি রাখাইনের পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে নেপিডোতে প্রতিরক্ষা, সীমান্ত, স্বরাষ্ট্রসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়ে অং সান সু চি বলেন, ‘কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সঙ্গে হামলা যুগপৎভাবে মিলে যাওয়ার বিষয়টি সম্পর্কে সরকার সজাগ রয়েছে। এ জন্য মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রাখাইনে শান্তি ও সংহতি নষ্ট করার জন্যই যে এই হামলা, সেটা স্পষ্ট। আমরা আমাদের উদ্যোগকে “জঙ্গিদের সহিংসতা”র মাধ্যমে নষ্ট হতে দেব না।’

প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি জানান, রাখাইন রাজ্যের বিভিন্ন পুলিশ ও সেনা তল্লাশিচৌকিতে একযোগে সন্ত্রাসী হামলার পর গতকাল ভোর চারটা থেকে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায় শত শত রোহিঙ্গা। তাদের মধ্যে ১৪৬ জনকে আটক করেছে বিজিবি।

মানবিক সহায়তা দিয়ে আটক ওই রোহিঙ্গাদের গতকাল বেলা সাড়ে ১১টায় আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

মেজর শরীফুল বলেন, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি চলছে। টেকনাফ-২ বিজিবির সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

তবে বিজিবি ও কোস্টগার্ডের কঠোর নজরদারি সত্ত্বেও গত দুই সপ্তাহে অন্তত দেড় হাজার রোহিঙ্গা বিভিন্নভাবে সীমান্ত অতিক্রম করে টেকনাফ ও উখিয়ার তিনটি অনিবন্ধিত শিবিরে আশ্রয় নিয়েছে। তিনটি শিবিরের রোহিঙ্গা নেতারা জানান, সর্বশেষ গতকাল ভোরে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ওই তিন শিবিরে প্রায় ৬০০ রোহিঙ্গা ঢুকেছে।

রাখাইনে এ মাসে নতুন করে সেনা মোতায়েনের পর থেকেই রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা গত দুই সপ্তাহে নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফে এবং স্থলসীমান্ত অতিক্রম করে উখিয়ায় প্রবেশ করে। তবে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় শতাধিক রোহিঙ্গা। সীমান্তের ওপারে কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মিয়ানমার সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার ভোরে রাথিডং শহরের ২০টি পুলিশ ফাঁড়িতে শ দেড়েক বিচ্ছিন্নতাবাদী বন্দুক হাতে বানানো বিস্ফোরক নিয়ে হামলা চালায়। রাখাইনের ওই শহরটিতে ১১ আগস্ট থেকে বিপুল সেনা মোতায়েন করেছে মিয়ানমার। সেনাপ্রধান মিন অং লায়েং তাঁর ফেসবুক পেজে লিখেছেন, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উগ্রপন্থী বাঙালি সন্ত্রাসীদের একসঙ্গে মোকাবিলা করেছে।

উল্লেখ্য, মিয়ানমার আনুষ্ঠানিকভাবে রাখাইনের মুসলিম জনগোষ্ঠীকে রোহিঙ্গা বলে না। এদের সাধারণত উত্তর রাখাইনের মুসলিম বলা হয়। এবারের সংঘর্ষের পর মিয়ানমার সন্ত্রাসীদের পরিচয় দিতে গিয়ে উত্তর রাখাইনের মুসলিমদের পরিবর্তে ‘বাঙালি’ শব্দটি ব্যবহার করেছে।

এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সুযোগ পেলেই রোহিঙ্গাদের পরিচয় দেওয়ার সময় ‘বাঙালি’ শব্দটা ব্যবহার করা মিয়ানমারের সেনাবাহিনীর নিয়মে পরিণত হয়েছে। এবার রাখাইনে সংঘর্ষের পর ‘বাঙালি’ শব্দটি ব্যবহার করে সু চি বুঝিয়ে দিলেন, সেনাবাহিনীর মতো তাঁর অবস্থানও অভিন্ন। 

বাংলাদেশে এখন রোহিঙ্গা আছে

প্রায় ৪ লাখ

n ১৯৯২: বাংলাদেশে এসেছিল ২ লাখ ৮০ হাজার রোহিঙ্গা

n ১৯৯৩-৯৭: মিয়ানমারে ফিরে যায় আড়াই লাখ

n ২০১২: সাম্প্রদায়িক হানাহানির পর ফের অনুপ্রবেশ

n ২০১৬: সীমান্তচৌকিতে হামলার পর এসেছে ৮৭ হাজার