রাখাইনে সেনা অভিযান শেষ করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারের সরকারি কর্মকর্তারা গত বুধবার এ খবর জানিয়েছেন। এর মধ্য দিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাজ্যটিতে সেনাবাহিনীর চালানো চার মাসের অভিযান শেষ হলো। এ অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, ধর্ষণ ও অগ্নিসংযোগের ব্যাপক অভিযোগের কারণে এর কঠোর সমালোচনা করেছিল জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে চালানো হামলায় পুলিশের ৯ জন সদস্য নিহত হওয়ার পর সন্ত্রাস দমনের নামে নিরাপত্তা অভিযান শুরু করে মিয়ানমার। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৬৯ হাজার মানুষ মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে।
বুধবার রাতে মিয়ানমারের স্টেট কাউন্সেলরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নতুন নিয়োগ পাওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুনকে উদ্ধৃত করে বলা হয়, ‘উত্তর রাখাইনের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল। সামরিক বাহিনীর নেওয়া ক্লিয়ারেন্স অপারেশন শেষ হয়েছে। কারফিউ শিথিল করা হয়েছে এবং সেখানে শান্তি রক্ষার জন্য এখন থেকে শুধু পুলিশ সদস্যরাই দায়িত্ব পালন করবেন।’
বিবৃতিতে বলা হয়েছে, থং তুন বিভিন্ন দেশের কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে একটি সভায় যোগ দিয়েছিলেন। ওই সভায় তিনি বলেন, ‘মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, মৌলিক মানবাধিকার লঙ্ঘন বা অপরাধের কোনো ক্ষমা নেই। আমরা দেখিয়েছি যে নির্যাতনের স্পষ্ট প্রমাণ পেলেই পাল্টা ব্যবস্থা নিতে আমরা তৈরি আছি।’
মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় ও তথ্য মন্ত্রণালয়ের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাও উত্তর রাখাইনে সামরিক অভিযান শেষ হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে তাঁরা বলেছেন, ‘শান্তি ও নিরাপত্তা’ বজায় রাখতে সেনাবাহিনী এরপরও ওই অঞ্চলে অবস্থান করবে।
সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মিয়ানমার সরকার রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞ, গণধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব অভিযোগ অস্বীকার করেছে। তারা একে বিদ্রোহ দমনের বৈধ অভিযান বলে অভিহিত করেছে। সহিংসতার শিকার রোহিঙ্গাদের সাহায্য করার ক্ষেত্রে মিয়ানমারের দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের নেতা অং সান সু চি তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছেন।
জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগ করার পর মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সু চি এর তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ও সেনাবাহিনী তদন্ত করার জন্য আলাদা আলাদা দল গঠন করেছে।
পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ওপর কাজ করা জাতিসংঘের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা গত সপ্তাহে বলেন, সামরিক অভিযানে ১ হাজারেরও বেশি রোহিঙ্গাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, সামরিক বাহিনীর অধিনায়কদের পাঠানো প্রতিবেদন থেকে জানা গেছে, এক শরও কম মানুষ এ অভিযানে নিহত হয়েছে।
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে। দেশটির সরকার তাদের নাগরিক বলে স্বীকার করতে চায় না। সীমিত অধিকার নিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় বিচ্ছিন্ন জীবন যাপন করে থাকে।