রাজনীতি ছাড়ার ঘোষণা দুতার্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে
ছবি: রয়টার্স

মাদকবিরোধী লড়াইয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সমালোচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার ম্যানিলায় সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসেই ২০২২ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছিলেন দুতার্তে। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট শুধু এক মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন। সে অনুযায়ী দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই দুতার্তের।

তবে শনিবার ওই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়ে দুতার্তে বলেছেন, ‘ফিলিপিনোদের একটি বড় অংশ মনে করে, আমি যোগ্য নই।’ ম্যানিলায় যে মঞ্চ থেকে দুতার্তের ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিবন্ধনের কথা ছিল, সেখান থেকেই রাজনীতি ছাড়ার এই ঘোষণা দিলেন তিনি।

দুতার্তে বলেছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে তা আইনকে পাশ কাটিয়ে যাওয়া হবে, সংবিধানের চেতনার পরিপন্থী হবে।

অপরাধ দমন ও মাদকবিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৬ সালে ক্ষমতায় আসেন দুতার্তে। এর আগে একটি শহরের মেয়র থাকাকালে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি প্রয়োগ করে আলোচিত ছিলেন তিনি। দুতার্তে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরের পাঁচ বছরে ফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধের নামে ছয় হাজারের বেশি মানুষকে বেশি বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দুতার্তে যখন ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন, তখন গুঞ্জন উঠেছিল যে তিনি রাজনৈতিকভাবে দুর্বল ‘রানিং মেট’ খুঁজছেন। মূলত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে পরোক্ষভাবে প্রেসিডেন্টকে পরিচালনা করতে চান।

ফিলিপাইনের আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন সিনেটর ক্রিস্টোফার ‘বং’ গো। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে সঙ্গে নিয়ে প্রার্থিতার জন্য সনদ জমা দেন তিনি। সোফিটেল হারবার গার্ডেন টেন্ট, পাসাই সিটি, মেট্রো ম্যানিলা, ফিলিপাইন, ২ অক্টোবর, ২০২১
ছবি: রয়টার্স

জনসমক্ষে রদ্রিগো এটাও বলেছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘মাদকবিরোধী যুদ্ধের’ নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার থেকে দায়মুক্তি পাবেন।

রদ্রিগো দুতার্তে যখন রাজনীতি ছাড়ার এই ঘোষণা দিলেন, তখন তাঁর মেয়ে সারা দুতার্তে-কারপিও প্রেসিডেন্ট পদে লড়তে পারেন বলে আলোচনা রয়েছে।

সারা দুতার্তে–কারপিও বর্তমানে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের মেয়রের দায়িত্বে আছেন। গত মাসে সারা দুতার্তে-কারপিও বলেছেন, তিনি ও তাঁর বাবা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের দুজনের মধ্যে একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বছর যতগুলো জনমত জরিপ হয়েছে, তার সব কটিতেই সারা দুতার্তে-কারপিও এগিয়ে রয়েছেন।