রাজনীতিকে কঠিন করে তুলছে থাই সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভ্যুত্থানের আগে প্রধানমন্ত্রী ছিলেন ইংলাক সিনাওয়াত্রা। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি দেশছাড়া। ছবি: এএফপি
অভ্যুত্থানের আগে প্রধানমন্ত্রী ছিলেন ইংলাক সিনাওয়াত্রা। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি দেশছাড়া। ছবি: এএফপি


সেনাবাহিনী ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। ওই সময় ক্ষমতা দখল করে সেনা সরকারের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা বলেছিলেন, সামরিক বাহিনী দেড় বছরের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়বে। তাঁর বেঁধে দেওয়া সেই সময় পার হয়েছে বেশ আগেই। এরপর চারবার পরিবর্তন হয়েছে নির্বাচনের তারিখ। সর্বশেষ নির্বাচনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি।

তবে এবার অনেকেই মনে করছেন হয়তো নির্ধারিত এই সময়েই নির্বাচন হবে। কারণ জয়ের জন্য যা যা করা প্রয়োজন তার প্রায় সবই করেছে জান্তা সরকার। ‘নিয়ন্ত্রিত নির্বাচন’ আয়োজনের কর্তৃত্ব সেনাবাহিনীর হাতেই থাকছে। বলা হচ্ছে, ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ প্রক্রিয়ায় প্রাউথ ক্ষমতার পালাবদলের সঙ্গে থাকা রাজনৈতিক দালালদের মাথার ওপর থেকে হাত সরিয়ে নিচ্ছেন। যদিও জান্তা নেতার সাফ কথা, ‘আমি ময়লা পরিষ্কারের যন্ত্র নই’। এমনটা বললেও তিনি দেশের বিভিন্ন স্থানে সফর শুরু করেছেন। সেসব জায়গায় বিপুলসংখ্যক লোক সমাগম হয়েছে। তবে নির্বাচনে কোনো দলকে সমর্থন দেবেন না এবং নিজেও লড়বেন না বলে জানিয়েছেন।

২০০১-২০০৬ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। ভিন্ন ভিন্ন নামে তাঁর দল এক দশক ধরে নির্বাচনে জয় লাভ করে। দেশ থেকে নির্বাসিত থাকসিন বিদেশে থেকেই পরিচালনা করছেন দল। ছবি: এএফপি
২০০১-২০০৬ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। ভিন্ন ভিন্ন নামে তাঁর দল এক দশক ধরে নির্বাচনে জয় লাভ করে। দেশ থেকে নির্বাসিত থাকসিন বিদেশে থেকেই পরিচালনা করছেন দল। ছবি: এএফপি


তবে তাঁর কথার সঙ্গে কাজের কিছু অমিল তো আছেই। কারণ ১৩ মাস আগে সংবিধানে সংশোধন আনা হয়েছে। আর তাতে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা খর্ব করা হয়েছে। বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি যেভাবে খেলছেন তাতে নির্বাচনে কোয়ালিশন সরকার গঠনেও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আর এর ফায়দা নিতে পারেন প্রাউথ। অবাক হওয়ার ভান করে তিনিই থেকে যেতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে।

থাইল্যান্ডে বেশ কয়েকবার অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে প্রাউথ অভ্যুত্থান ঘটানোর সময় সেনাপ্রধান ছিলেন। ওই সময়ের রাজা ভূমিবল আদুলাদেজ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন। ১৯৪৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সাত দশক ধরে থাইল্যান্ডের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ভূমিবল। ২০১৬ সালের ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে ভূমিবল মারা যান। এরপর তাঁর উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন একমাত্র ছেলে ৬৪ বছর বয়সী মহা ভাজিরালংকর্ন।

থাইল্যান্ডে ক্ষমতার পালাবদল ঘটেছে কয়েকবার। ২০০১ সালের নির্বাচনে থাই রাক থাই পার্টি জয়ী হয়। ওই সময় জোট সরকার গঠন করেন থাকসিন সিনাওয়াত্রা। ২০০৫ সালে নির্বাচনে জিতে থাকসিন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। ২০০৬ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে থাকসিনকে উৎখাত করা হয় এবং তাঁর রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। তাঁর দল ভিন্ন নামে আত্মপ্রকাশ করে এবং ২০০৭ সালের নির্বাচনে থাকসিন ও মিত্রদের পিপলস পাওয়ার পার্টি জয় পায়। ২০০৮ সালের সেপ্টেম্বরে আদালতের রায়ে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাবেজ ক্ষমতাচ্যুত হন। থাকসিনের ঘনিষ্ঠ আত্মীয় সোমচাই ওয়াংসাওয়াত প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হন। ২০০৮ সালের ডিসেম্বরে আদালতের রায়ে সোমচাইয়ের দল বিলুপ্ত হয় ৷ পদত্যাগে বাধ্য হন তিনি ৷ সেনা-সমর্থিত জোটের প্রধানমন্ত্রী হন আভিসিত ভেজ্জাজিভা। ২০১১ সালের জুলাই মাসে নির্বাচনে থাকসিন মিত্রদের জয় হয়। থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালের মার্চে আদালতের রায়ে ইংলাক ও নয়জন মন্ত্রী ক্ষমতাচ্যুত হন। ২০১৪ সালের ২২ মে অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান প্রাউথ চান-ওচা ক্ষমতা দখল করেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জান্তা সরকার বিরোধী বিক্ষোভ। ছবি: এএফপি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জান্তা সরকার বিরোধী বিক্ষোভ। ছবি: এএফপি


দেশ পরিচালনায় একক কর্তৃত্ব রাখতে এরপর সংবিধান সংশোধনের পদক্ষেপ নেয় জান্তা সরকার। জনগণের শান্তি, জাতীয় নিরাপত্তা, সিংহাসন, জাতীয় অর্থনীতি, প্রশাসনের ক্ষতি হয় বিবেচনায় সংবিধানের ৪৪ ধারায় সংশোধন এনে সেনাবাহিনীকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে। নিয়ম কানুনের বেড়াজালে ফেলে রাজনীতিবিদদের জন্য রাজনীতি করাই সেখানে কঠিন করে তোলা হচ্ছে।

থাইল্যান্ডের সংশোধিত নতুন সংবিধান অনুসারে, ন্যাশনাল অ্যাসেম্বলি ও হাউস অব রিপ্রেজেনটেটিভ নামে দুটি কক্ষ থাকবে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২৫০ সদস্যের সিনেট সদস্য থাকবেন। এই সদস্যরা জেনারেলদের পছন্দে মনোনীত হবেন। হাউস অব রিপ্রেজেনটেটিভে থাকবেন নির্বাচিত ৫০০ সদস্য। আনুপাতিক প্রতিনিধিত্বশীল এই প্রক্রিয়ায় বড় রাজনৈতিক দলগুলোর ক্ষমতা পুরোপুরি নির্মূল হয়ে যাবে।

দুই কক্ষের যৌথ সভায় প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। হিসাব কষলে দেখা যায়, ২৫০ সিনেট সদস্য তো আগেই থেকেই জান্তাদের লোকই থাকবে। জান্তা প্রার্থীর জন্য প্রয়োজন হবে আর ১২৫ সদস্যের ভোট। এর ফলে প্রাউথের কৌশলই সফলতা পাবে। সেনা সমর্থিত বিভিন্ন দলের উত্থান হবে অথবা সেনারাই চালাবে দেশ। কিন্তু সেনাদের কর্মকাণ্ডের অতীত রেকর্ড তত আশাব্যঞ্জক নয়। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ভঙ্গুর হয়ে পড়েছে। কর্মীরা দেনার দায়ে ডুবছে। মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা।

বারবার প্রতিশ্রুতি দিয়েও জাতীয় নির্বাচন না করায় জান্তা সরকারের বিদ্রূপাত্মক চিত্র প্রদর্শন করছেন এক বিক্ষোভকারী। ছবি: এএফপি
বারবার প্রতিশ্রুতি দিয়েও জাতীয় নির্বাচন না করায় জান্তা সরকারের বিদ্রূপাত্মক চিত্র প্রদর্শন করছেন এক বিক্ষোভকারী। ছবি: এএফপি


থাইল্যান্ডের থামাসাট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাজাক কঙ্গকিরাতি মনে করেন, নীতি ছাড়া গড়ে ওঠা নতুন রাজনৈতিক দলগুলো সমর্থন না পেয়ে মুখ থুবড়ে পড়বে।

এ বছরের মার্চে জান্তা সরকার জানিয়েছে, জুন মাস থেকে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে। ২০১৪ সালে ইংলাককে ক্ষমতাচ্যুত করার পর দলগুলোর কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাজনৈতিক সমাবেশের উদ্দেশ্যে পাঁচজন বা তার বেশি লোক জড়ো করা নিষিদ্ধ। আগামী বছরের নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের জন্য অনুমতি দেওয়া হলেও জান্তার পূর্ব অনুমতি ছাড়া দলগুলোর নীতিগত বিষয় বা রাজনৈতিক সভার বিষয়ে বিধিনিষেধ এখনো বহাল রয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কঙ্গচিপ তান্ত্রাভানিচ বলেছেন, প্রাথমিক পরিকল্পনা অনুসারে, জুন মাসে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে। নতুন রাজনৈতিক দলগুলোও প্রস্তুত। আর পুরোনো বড় দলগুলো তো আগে থেকেই প্রস্তুত। নতুন দলগুলোর সময় প্রয়োজন। নতুন-পুরোনো সব দল একসঙ্গে জুন মাসে তাদের কর্মকাণ্ড শুরু করবে।

রাজা ভূমিবলের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন তাঁর ছেলে মহা ভাজিরালংকর্ন। ছবি: রয়টার্স
রাজা ভূমিবলের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন তাঁর ছেলে মহা ভাজিরালংকর্ন। ছবি: রয়টার্স


থাকসিনের দলের সাবেক এমপি প্রিচাপল পঙ্গপানিত বলেছেন, একজন রাজনীতিক তাঁর ভাষণের মাধ্যমেই লোকজনের কাছে পৌঁছায়। নির্বাচনের মূল ভিত্তিই হচ্ছে প্রচার। অথচ আগামী নির্বাচনকে ঘিরে প্রচারে নতুন নতুন বিধি আরোপ করে এই মৌলিক বিষয়টিকেই বাধাগ্রস্ত করা হয়েছে। জান্তা নিযুক্ত নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ভেন্যুতেই শুধু নির্বাচনী ভাষণ দেওয়া যাবে। হয়তো সেই ভাষণও দিতে হবে লোকজনের কাজের সময়টাতে।

তবে এই নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যেও একটি প্রশ্ন ঘুরপাক খেয়েই যাচ্ছে। আর সেটা হচ্ছে, থাই রাজনীতির সবচেয়ে বড় ব্লক ক্ষমতাচ্যুত ফিউ থাই পার্টির নেতৃত্বের রদবদল নিয়ে। এক দশক ধরে এই ব্লকটি ভিন্ন ভিন্ন নামে নির্বাচনে জিতে থাই শাসন করেছে। অভ্যুত্থান ও আদালতের নির্দেশের কারণে বারবার এই ব্লকটিকে কাটা ছেঁড়া করা হয়েছে। দলের শীর্ষ দুই নেতা থাকসিন ও ইংলাক দুজনেই এখন দেশছাড়া। থাকসিন লন্ডান বা দুবাই এবং ইংলাক দুবাইতে রয়েছেন বলে ধারণা করা হয়। সহসা তাদের দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে বিদেশে থেকেও তাদের নেতৃত্বেই দল পরিচালনা হচ্ছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ওই সময়ের সেনা প্রধান প্রাউথ চান-ওচা। পরে রাজা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন। ছবি: এএফপি
২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ওই সময়ের সেনা প্রধান প্রাউথ চান-ওচা। পরে রাজা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন। ছবি: এএফপি


রাজনীতিকদের দাবির মুখে রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তবে সমালোচকদের মতে, জান্তা সরকার সেনা সমর্থিত নতুন নতুন দলগুলোকে নির্বাচনে জয় পেতে সুযোগ দিতে সময় ক্ষেপণ করছে। এর বাইরে সাধারণ জনগণের মধ্যে সেনা সমর্থণ বাড়ানোর চেষ্টা করছে।

অভ্যুত্থানের পর সামরিক জান্তা দেশ পরিচালনার জন্য ২০ বছরের একটি মহাপরিকল্পনা ঘোষণা করেছিল। দাবি করা হয়েছিল, ২০ বছরের ওই পরিকল্পনা থাইল্যান্ডকে দুর্নীতি মোকাবিলার মাধ্যমে উচ্চ আয়ের দেশে পরিণত হতে সাহায্য করবে। সরকার জানিয়েছে, দেশটির পরবর্তী বেসামরিক সরকারগুলো এটি অনুসরণ করতে বাধ্য থাকবে।

ফলে আগামী নির্বাচনে ক্ষমতায় যেই আসুক সামরিক বাহিনীর কাছে যে তাদের হাত পা বাঁধা থাকবে তাতে কোনো সন্দেহ নেই।