উত্তর কোরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন।
গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস বলেন, রাজনৈতিক সমাধানই একমাত্র কাম্য। সামরিক পদক্ষেপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলে তা এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে, যা অতিক্রম করতে কয়েক প্রজন্ম লেগে যাবে।
এ মাসের শুরুতে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। ওই পরীক্ষার জবাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সোমবার সর্বসম্মতিক্রমে একটি নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করেছে। এতে উত্তর কোরিয়ার তেল আমদানিতে বিধিনিষেধ এবং বস্ত্র রপ্তানি পুরোপুরি আটকে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদ কূটনৈতিক আলোচনার একটি পথ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা একটি পদক্ষেপ মাত্র। তবে তা যথেষ্ট নয়।