রাজাকে নিয়ে কটূক্তিকারীদের ফিরিয়ে দিতে থাই সরকারের অনুরোধ
থাইল্যান্ডের সদ্য প্রয়াত রাজা ভুমিবল আদুলাদেজকে নিয়ে কটূক্তিকারী বেশ কয়েকজন নাগরিককে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির জান্তা সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
দক্ষিণ এশিয়ার দেশটির রাজসিংহাসনে ৭০ বছর থাকার পর ১৩ অক্টোবর মৃত্যুবরণ করেন রাজা ভুমিবল। দেশটিতে বারবার রাজনৈতিক হাঙ্গামা ও কয়েকবার সামরিক অভ্যুত্থান ঘটলেও রাজসিংহাসনে তিনিই ছিলেন। ২০১৪ সালে অভ্যুত্থানের পর থেকে দেশটিতে চলতে থাকা সামরিক শাসনের মধ্যেই রাজার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোক নেমে আসে। এ অবস্থায় তাঁকে নিয়ে কটূক্তি বা বিদ্রুপকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে জান্তা সরকার। এ ক্ষেত্রে কটূক্তিকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
থাইল্যান্ডের সরকার গত সপ্তাহে জানায়, তারা সাতটি দেশের ১৯ জন নিম্নপদস্থ সন্দেহভাজন ব্যক্তির কথা আইনজীবীকে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাই গতকাল সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা যেসব দেশে থাকেন, সেসব দেশের কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, তবে সন্দেহভাজনদের ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বাধা আছে।