রাজাকের পদত্যাগ চেয়ে মালয়েশিয়ায় বিক্ষোভ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে দেশটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি-সংশ্লিষ্ট দুর্নীতিতে নাজিব রাজাকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। গতকাল শনিবার প্রায় ৪০ হাজার বিক্ষোভকারী রাজধানী কুয়ালালামপুরে সরকারবিরোধী মিছিলে অংশ নেয়।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ সমাবেশে অংশ নেন। নাজিবের কট্টর সমালোচক ৯১ বছর বয়সের মাহাথির বলেন, ‘আমরা এখন আর গণতন্ত্রে নেই। আমরা এখন চোরদের শাসনে আছি। এই নিষ্ঠুর সরকারকে উৎখাতের এখনই সময়।’
দেশটির প্রধান বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ও সুশীল সমাজের জোট বেরসিহ এ বিক্ষোভের ডাক দিয়েছিল। হলুদ রঙের শার্ট পরে বিক্ষোভকারীরা রাজধানীর কেন্দ্রস্থল পর্যন্ত মিছিল করে। এ সময় শহরের অনেক সড়কে যানজটের সৃষ্টি হয়। এমনকি অনেক পর্যটন এলাকাও কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। তবে বিক্ষোভকারীরা পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। সমাবেশস্থল থেকে বেরসিহর নেতা হিশাম উদ্দিন রইসকে গ্রেপ্তার করা হয়েছে।
অবশ্য গত বছরের তুলনায় এবার প্রতিবাদকারীর সংখ্যা কম ছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সে সময় একই দাবিতে প্রায় দুই লাখ মানুষ বিক্ষোভ করেছিল। আর এবার সেই সংখ্যা ৪০ হাজারের মতো হতে পারে।
তবে সমাবেশে থাকা বিক্ষোভকারীদের মধ্যে উৎসাহের কমতি ছিল না।