রাজাকের বিরুদ্ধে মাহাথিরের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে সরকারের কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।
মামলায় মাহাথির অভিযোগ করেন, সরকারি কোষাগারের কোটি কোটি ডলার নাজিব রাজাক তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নিয়েছেন। ওই অর্থ রাজাকের হিসাব থেকে সরকারি তহবিলে জমা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মামলায় বলা হয়েছে, একটি রাষ্ট্রীয় বিনিয়োগ কোম্পানি থেকে চুরি করা অর্থ রাজাকের ব্যাংক হিসাবে নেওয়া হয়েছে। রাজাক এই অভিযোগ অস্বীকার করলেও তাঁর হিসাবে বিদেশ থেকে ৬৮ কোটি ১০ লাখ ডলার জমা হওয়ার কথা স্বীকার করেছেন। এই অর্থকে তিনি ‘বিদেশি দান’ বলে দাবি করেছেন।
নাজিবকে অপসারণের দাবিতে এর আগে ৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী মাহাথির তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহিমের দলসহ দীর্ঘদিনের শত্রুদের সঙ্গে একজোট হন।
মাহাথির মোহাম্মদের করা মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অসৎ উদ্দেশে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার নানা ধরনের অনুসন্ধান ও তদন্তকাজে বাধা দিয়েছেন। তাদের কাজে হস্তক্ষেপ করে দুর্নীতির চর্চা করে গেছেন। এর জবাবে তাৎক্ষণিকভাবে নাজিবের দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মামলায় মাহথির ছাড়াও আরও দুজন বাদী রয়েছেন। তাঁরা হলেন খাইরুদ্দিন বিন আবু হাসান ও আনিনা বিনতি সাদউদিন। তাঁরা দুজনই নাজিব রাজাকের নেতৃত্বাধীন দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) সাবেক সদস্য।