রাজাপক্ষকে দুর্নীতি তদন্ত সংস্থায় তলব

দুর্নীতির অভিযোগ তদন্তে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে দেশটির দুর্নীতি তদন্ত কমিশনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির পার্লামেন্ট সূত্রের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
রাজাপক্ষের সহযোগীরা জানান, দুর্নীতি তদন্ত কমিশনে আগামী বৃহস্পতিবার ৬৯ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে সশরীরে হাজির হতে হবে। তবে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি দেশটির দুর্নীতিবিরোধী কমিশন।
রাজাপক্ষের সমর্থকেরা পার্লামেন্টের স্পিকার চামাল রাজাপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের ভাষ্য, এখনই এ ধরনের তদন্ত বন্ধ করতে স্পিকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্পিকার রাজাপক্ষের বড় ভাই।
পার্লামেন্টে রাজাপক্ষের দল পিপলস অ্যালায়েন্সের নেতৃত্ব দেওয়া নিমাল সিরিপালা ডি সিলভা বলেন, ‘আপনি যদি সাবেক প্রেসিডেন্টের নির্বাহী কাজের ব্যাপারে তদন্ত করেন, সেটা গ্রহণযোগ্য নয়।’ তিনি তদন্ত বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান। তবে স্পিকার জানিয়ে দিয়েছেন, তিনি এ বিষয়ে এখনই কোনো রুলিং দিতে পারেন না।
রাজাপক্ষে গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে বিরোধী দলের এক জ্যেষ্ঠ সদস্যকে নিজের দলের টানতে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই নির্বাচনে রাজাপক্ষে তাঁর এক সময়ের মিত্র মাইত্রিপালা সিরিসেনার দলের কাছে পরাজিত হন। ক্ষমতায় এসে সিরিসেনা সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেন। তবে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে রাজাপক্ষেকে।
দুর্নীতির অভিযোগে আগামী বুধবার দুর্নীতিবিরোধী কমিশনের তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে রাজাপক্ষের ছোট ভাই গোটাভায়া রাজাপক্ষেকে। তিনি ভাইয়ের শাসনামলে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।