রাজাপক্ষের আবার স্বপ্নভঙ্গ

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের হারার পর এবার পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছেন। আজ মঙ্গলবার দুপুরে দেশটির পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে দেখা যায়, বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী রাজাপক্ষে পরাজিত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, নির্বাচনের পরাজয় মেনে নিয়ে মাহিন্দ্রা রাজাপক্ষে বলেন, ‘আমার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বিলীন হয়ে গেছে। আমি পরাজয় মেনে নিচ্ছি। আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছি।’
শ্রীলঙ্কার নির্বাচন কমিশনার মাহিন্দা দেশাপ্রিয়া আজ নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর রাজাপক্ষে তাঁর জোট ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ) পরাজয় মেনে নেন।
রাজাপক্ষে বলেন, ২২টি জেলার মধ্যে তাঁর নেতৃত্বাধীন জোট আটটি জেলার জয়লাভ করেছে। আর ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি ১১টি জেলার জিতেছে।
শ্রীলঙ্কার পার্লামেন্টে ২২৫টি আসন রয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৩টি আসন পায়নি। এ কারণে জোট সরকার গঠন করতে হবে।
২০০৯ সালে রাজাপক্ষে প্রেসিডেন্ট থাকাকালীন সময় বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহের অবসান ঘটিয়ে সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এতে ৩৭ বছর ধরে চলা সংকটের অবসান ঘটে। তবে তিনি সংখ্যালঘু তামিলদের কাছে অভাজনে পরিণত হন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মাইথ্রিপালা সিরিসেনার কাছে তিনি বড় ব্যবধানে পরাজিত হন।
রাজাপক্ষে স্বজনপ্রীতির অভিযোগে ব্যাপক সমালোচিত হয়েছেন। তাঁর আত্মীয়দের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে।