রাজাপক্ষের পরাজয়ে র-প্রধানের ভূমিকা ছিল?

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট রাজাপক্ষকে হারাতে বিরোধী দলের হয়ে কাজ করছিলেন দেশটিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংেয়র (র) প্রধান! এমন অভিযোগে নির্বাচনের কিছুদিন আগে তাঁকে শ্রীলঙ্কা থেকে বহিস্কার করা হয়। তবে ভারতের দাবি, রুটিন কাজের অংশ হিসেবে তাঁকে দেেশ ফিরিয়ে আনা হয়।
সম্প্রতি রয়টার্সের এক বিশ্লেষণে শ্রীলঙ্কায় র-এর গোয়েন্দা প্রধানের এমন সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। শ্রীলংকার একজন সাংসদ এবং ভারত সরকারের একজন কর্মকর্তার বরাত এবং নির্বাচনকালীন বেশকিছু ঘটনাবলীর যোগসূত্র ধরে বিশ্লেষণটি করা হয়। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন হয় ৮ জানুয়ারি। এ নির্বাচনে দুবারের প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষে তাঁর জয় নিয়ে এক রকম নিশ্চিত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরই সহযোগী মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান। তাঁর এই পরাজয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ কাজ করেছে এমন অনেক ঘটনার কথা বলা হয় প্রতিবেদনে। গত ডিসেম্বরে নির্বাচনী প্রচার চলার সময় শ্রীলংকার সরকারের অভিযোগে ‘র’-প্রধানকে শ্রীলংকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। তবে প্রতিবেদনে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়, ভারত বরাবরই শ্রীলঙ্কাকে তাদের তাঁবে রাখতে চেয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট রাজাপক্ষের চীনমুখিতা ভারতকে উদ্বিগ্ন করে তুলেছিল। বিশেষ করে, গত বছর শ্রীলংকা চীনের দুইটি সাবমেরিনকে শ্রীলংকায় অবস্থানের অনুমতি দিলে নয়াদিল্লি আরও চিন্তিত হয়ে পড়ে। ভারত সরকারের একজন উধ্বর্তন কর্মকর্তার মতে, ওই ঘটনাই ভারত সরকারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়।
ওই প্রতিবেদনে বেশ কিছু ঘটনাবলীর উল্লেখ করা হয়, যা ‘র’ প্রধানের নির্বাচনে ষড়যন্ত্রে জড়িত থাকার ইঙ্গিত দেয়। এর মধ্যে বিরোধী নেতা রণিল বিক্রমাসিংহকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে প্রভাবিত করার উল্লেখও রয়েছে। এর পাশাপাশি নির্বাচনে জয়ের সম্ভাবনা আছে, এমন কাউকে সমর্থন করতেও পরামর্শ দেওয়া হয়। বিক্রমাসিংহে ওই সময়ে দুই থেকে তিনবার ‘র’ প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন বলেও সূত্রগুলো নিশ্চিত করেছে। আরেক প্রভাবশালী নেতা ও সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা সিরিসেনাকে নির্বাচনে দাঁড় করাতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে ধারণা করা হয়। তাঁর সঙ্গেও ওই ‘র’ কর্মকর্তা একাধিকবার দেখা করেন বলে প্রতিবেদনে বলা হয়।
‘র’ ওই নির্বাচনের সময় বিরোধী শক্তিকে একসঙ্গে নির্বাচন করতে উৎসাহিত করতে কাজ করে। পাশাপাশি সিরিসেনা, কুমারাতুঙ্গা ও বিক্রমাসিংহের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করেছে ‘র’ এর এজেন্টরা। শ্রীলংকার একজন সাংসদ এবং ভারত সরকারের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে বলা হয়।
নির্বাচন পরবর্তী সময়ে সিরিসেনা সরকারের ভারতমুখীতাও এমন অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। যেমন প্রথম বৈদিশিক সফরের জন্য ভারতকেই বেছে নিয়েছেন সিরিসেনা। সঙ্গে এও বলেছেন ভারতই তাঁর বৈদিশিক নীতির মূল মনোযোগের জায়গা হবে। এ ছাড়া নির্বাচনের ফল বেরোনোর কয়েক ঘণ্টার মধ্যেই সিরিসেনাকে বিশাল এক ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন শ্রীলংকায় ভারতীয় রাষ্ট্রদূত ওয়াই কে সিনহা, চীনা রাষ্টদূত এ সুযোগ পান ছয় দিন পর।