রাজাপক্ষের ভাগ্য নির্ধারণ হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। ছবি: এএফপি
শ্রীলঙ্কায় আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। ছবি: এএফপি

শ্রীলঙ্কায় আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া চলছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বিরোধী জোটের প্রার্থী মাইথ্রিপালা সিরিসেনার হাড্ডাহাডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ স্থানীয় সময় সকাল সাতটায় ভোট নেওয়া শুরু হয়েছে। ফলাফল পাওয়া যেতে পারে কাল শুক্রবার।

২০০৫ সাল থেকে ক্ষমতায় আছেন রাজাপক্ষে। তৃতীয় দফায় সহজে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আশায় আগাম নির্বাচন দিয়েছেন তিনি। কিন্তু তাঁর অনুমান চ্যালেঞ্জের মুখে পড়েছে। অনেক ভোটার তাঁদের মত পরিবর্তন করে সিরিসেনার দিকে ঝুঁকেছেন। আর এতেই ঝুঁকির মধ্যে পড়েছে রাজাপক্ষের স্বপ্ন।

আজ ভোট দিতে গিয়ে রাজাপক্ষে বলেছেন, জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তাঁর বিশ্বাস, জনগণ তাঁকে আবার দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

প্রতিদ্বন্দ্বী সিরিসেনাও নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। দেশের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী তামিলরা না চাইলেও সিরিসেনাকে ভোট দেবেন। রাজাপক্ষের শাসনের অবসান ঘটার আশাতেই সিরিসেনাকে ভোট দেবেন তাঁরা।

২০০৯ সালে বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন টাইগার্স অব তামিল ইলমকে (এলটিটিই) পর্যুদস্ত করে কয়েক দশকের গৃহযুদ্ধের অবসান করেছিলেন রাজাপক্ষে। পুরস্কারস্বরূপ ২০১০ সালের নির্বাচনে ৫৮ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন। একই বছরের সেপ্টেম্বর নাগাদ পার্লামেন্টের দুই-তৃতীয়াংশের বেশি আসনও তাঁর দলের দখলে চলে যায়।

জনসমর্থন আরও বাড়তে পারে—এমন ধারণা থেকে রাজাপক্ষে কয়েক মাস আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

রাজাপক্ষের ধারণা ছিল, নির্বাচন হলে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবেন হয় রানিল উইকরামসিংহে বা সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে। এই দুজনের একজনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেলে রাজাপক্ষে সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন বলেই অনুমান করা হচ্ছিল।

তবে রাজাপক্ষের সব হিসাব-নিকাশের গোলমাল হয়ে গেছে নিজ দল থেকে পক্ষত্যাগের মিছিল শুরু হওয়ায়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিরিসেনা, যিনি ৪০ বছরের বেশি সময় ধরে রাজাপক্ষের ডানহাত ছিলেন। দুই মাস আগেও তিনি রাজাপক্ষের রাজনৈতিক দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলএফপি) সাধারণ সম্পাদকের পদে ছিলেন।

পক্ষ ত্যাগ করেই সিরিসেনা রাজাপক্ষের বিরুদ্ধে দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাওয়া এবং পরিবারতন্ত্র কায়েম করার অভিযোগ তোলেন। এরপর ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট সিরিসেনাকে নিজেদের প্রার্থী ঘোষণা করলে নির্বাচনী লড়াইয়ের হিসাব পাল্টে যায়।