রাজাপক্ষের সামনে নজিরবিহীন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় কালকের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ও বিরোধী প্রার্থী মাইথ্রিপালা সিরিসেনা
শ্রীলঙ্কায় কালকের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ও বিরোধী প্রার্থী মাইথ্রিপালা সিরিসেনা

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, কাল বৃহস্পতিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তৃতীয় দফায় প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রাজাপক্ষেকে বিরোধী প্রার্থীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে।
২০০৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন রাজাপক্ষে। ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের চূড়ান্তভাবে দমন করেন তিনি। এরপর বিপুল জনপ্রিয়তা নিয়ে ২০১০ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তৃতীয়বার ক্ষমতায় আসতে বর্তমান মেয়াদ পূরণের দুই বছর আগেই তিনি আগাম নির্বাচন দিয়েছেন।
বিশ্লেষকেরা বলছেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতা কুক্ষিগত করা, স্বেচ্ছাচারিতা, স্বাধীন বিচারব্যবস্থায় হস্তক্ষেপসহ নানা কারণে রাজাপক্ষে সমালোচিত।
এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন দল ও স্বাস্থ্যমন্ত্রীর পদ ছেড়ে বিরোধী জোটের প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে নেমেছেন মাইথ্রিপালা সিরিসেনা। নিজ দলের সাবেক এই জ্যেষ্ঠ রাজনীতিকই এখন রাজাপক্ষের গলার কাঁটা। নির্বাচনে সিরিসেনার সঙ্গে শ্রীলঙ্কার প্রায় এক দশকের একচ্ছত্র অধিপতিকে সত্যিকার অর্থেই এক কঠিন লড়াইয়ে নামতে হবে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক ভিকটর ইভানের ভাষ্য, দুর্নীতি নিয়ে দেশটির মানুষের মধ্যে যে অসন্তোষ ফুঁসে উঠেছে, তার একটি প্রতীকে পরিণত হয়েছেন স্বল্প পরিচিত সিরিসেনা। তার ওপর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন রাজাপক্ষে।
কৃষক পরিবার থেকে রাজনীতিতে আসা সিরিসেনার প্রতি জনগণের একটা অংশের জোরালো সমর্থন রয়েছে।
তামিলদের প্রধান দলসহ বিরোধী দলগুলো ৬৩ বছর বয়সী এই রাজনীতিককে সমর্থন দিয়েছে। নির্বাচনে ভাগ্য নির্ধারণে তামিলরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।