রাফসানজানিকে বিদায় জানাল ইরানিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষ সমবেত হয়ে সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সেখানে গতকাল মঙ্গলবার তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
৮২ বছর বয়সী রাফসানজানি গত রোববার শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিসৌধের কাছেই দাফন করার কথা। ১৯৭৯ সালের ওই বিপ্লবে রাফসানজানিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সর্বোচ্চ নেতা খোমেনির উত্তরসূরি হিসেবে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলি খামেনিকে নিয়োগ দিতে ভূমিকা রাখেন। এর কয়েক মাস পরই প্রেসিডেন্ট হন।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে রাফসানজানি সমর্থন যেমন পেয়েছেন, তেমনি সমালোচিতও হয়েছেন। কিন্তু তাঁর শেষকৃত্যে সব পক্ষের লোকজনই অংশ নিয়ে সংহতি ও ঐক্যের পরিচয় দেন।
তেহরান বিশ্ববিদ্যালয়ের মাঠে রাফসানজানির জানাজায় সর্বোচ্চ নেতা খামেনির পাশাপাশি অংশ নেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি, পার্লামেন্ট-প্রধান, বিচার বিভাগের প্রধান এবং খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টারা। রাষ্ট্রীয় টেলিভিশন এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।
রাফসানজানি কিছুটা উদারনীতির পথ বেছে নেন। এতে বর্তমান সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে গিয়েছিল। তবে শোকবার্তায় খামেনি বলেছেন, তাঁদের ৬০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কখনো পুরোপুরি ভাঙন ধরেনি।