আইএসের দখলে রামাদি শহর

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছে পশ্চিম ইরাকের রামাদি শহরের পতন হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সরকারি বাহিনী তাদের অবস্থান ত্যাগ করার পর পুরো শহর আইএসের নিয়ন্ত্রণে চলে যায়।
ইরাকের বৃহত্তম প্রদেশ আনবারের রাজধানী রামাদি শহরের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক দিন ধরে দেশটির সেনাদের সঙ্গে আইএসের তুমুল সংঘর্ষ চলে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে মাত্র ৭০ মাইল পশ্চিমে অবস্থিত শহরটির শেষ পর্যন্ত পতন হলো। এ ঘটনা ইরাক সরকারে জন্য একটি বড় ধাক্কা।
গতকাল রোববার আইএসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, পুরো শহর এখন তাদের নিয়ন্ত্রণে। ইরাকি বাহিনীর ফেলে যাওয়া ট্যাংকসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র তাদের দখলে।
আনবার প্রদেশের গভর্নরের দপ্তরের একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে, রামাদি থেকে সব সরকারি সেনা প্রত্যাহার করা হয়েছে। পুরো শহর আইএসের নিয়ন্ত্রণে।
রামাদি শহরের পতনের তথ্যের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।