রামাদির আইএস ঘাঁটি পুনর্দখল ইরাকি বাহিনীর

ইরাকের রামাদি শহরে সরকারের সাবেক একটি স্থাপনা (কম্পাউন্ড) পুনর্দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ওই স্থান থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালাচ্ছিল। দেশটির সামরিক ভাষ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত মে মাসে আনবার প্রদেশের এই রাজধানী শহর দখল করে নেয় আইএস। এই ঘটনাকে দেশটির সেনাবাহিনীর জন্য বিব্রতকর হিসেবে বিবেচনা করা হচ্ছিল। রামাদির পুনর্দখল নিতে কয়েক সপ্তাহ ধরে সেনাবাহিনী চেষ্টা চালিয়ে আসছিল।
রামাদির সবশেষ অগ্রগতি সম্পর্কে ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্রের ভাষ্য, পুনর্দখলে নেওয়া কমপ্লেক্সটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। সেখানে আইএস জঙ্গিদের কোনো চিহ্ন নেই।
মুখপাত্র সাবা আল-নোমানি বলেন, এই কমপ্লেক্স নিয়ন্ত্রণে নেওয়ার অর্থ হলো—আইএস রামাদিতে পরাজিত হয়েছে। এখন শহরের কোথাও যদি আইএসের বিচ্ছিন্ন অবস্থান থেকে থাকে, তবে তা উৎপাটন করা হবে।
আরও পড়ুন:
রামাদি পুনর্দখলের পথে ইরাকি বাহিনী