রাশিয়া, ইরান ও সিরিয়ার স্বপ্ন একই: বাশার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, রাশিয়া, ইরান ও সিরিয়ার স্বপ্ন ও লক্ষ্য একই। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস (পিবিএস) টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ এ কথা বলেন।
এএফপির খবরে জানানো হয়, বাশার আল আসাদ বলেন, সিরিয়ায় ইরান ও রাশিয়া স্থিতিশীলতা চায়। রাজনৈতিক সমাধান চায়। চলমান সহিংসতার ক্ষেত্রে তাঁর, ইরান ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি একই।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, ইরান ও রাশিয়া সারা বিশ্বে সমতা প্রতিষ্ঠা করতে চায়। ভবিষ্যতে ইরান ও রাশিয়া বিশ্বে শক্তিধর দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।
সিরিয়া ও ইরাকের বড় অংশের দখল নিয়েছে জঙ্গি দল আইএস। তাঁদের বিরুদ্ধে লড়ছে ইরান সমর্থিত শিয়া জঙ্গিগোষ্ঠী।
রাশিয়া সিরিয়ার উপকূলীয় শহর তারতাসে নৌঘাঁটি পরিচালনা করছে। সিরিয়ার পশ্চিম তীরে যুদ্ধজাহাজ, ব্যারাক স্থাপন করেছে রাশিয়া।
গত সপ্তাহে আসাদ রাশিয়ার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়া সে দেশের সমুদ্রবন্দরে রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতিকে স্বাগত জানিয়েছে।
সিরিয়ায় সহিংসতা শুরুর সময় থেকে দুই লাখ ১৫ হাজার লোকের প্রাণহানি হয়েছে। দেশটির অর্ধেকের বেশি জনগণ গৃহহীন হয়ে পড়েছে।