পশ্চিমা সামরিক জোট ন্যাটো তুরস্ককে সহায়তার জন্য দেশটিতে সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে। সিরিয়ায় বোমা হামলাকারী রাশিয়ার যুদ্ধবিমানগুলো তুর্কি আকাশসীমা লঙ্ঘন করার পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের।
সিরিয়া পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণের জন্য ন্যাটোর সদস্যদেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল এক বৈঠকে বসেন। জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ওই বৈঠকের আগে সংবাদমাধ্যমকে বলেন, যেকোনো হুমকির বিরুদ্ধে তুরস্কসহ জোটের সব সদস্যকে রক্ষার জন্য ন্যাটোর সামর্থ্য ও প্রস্তুতি রয়েছে। সিরিয়ায় রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা উদ্বেগজনক। এ অভিযানের কারণে সিরিয়ায় সংকটের তীব্রতা বরং বেড়েছে। বিষয়টির রাজনৈতিক সমাধান হওয়া উচিত।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্টলটেনবার্গ। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন গতকাল বলেন, সিরিয়ার গুরুতর পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে রাশিয়া।
আসাদবিরোধী বিভিন্ন সংগঠনের লোকজনকে লক্ষ্য করে সিরিয়ায় রুশ হামলা হচ্ছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগ। তবে মস্কো তা অস্বীকার করে বলছে, তারা মূলত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিভিন্ন অবস্থানের ওপর হামলা চালাচ্ছে।