রাশিয়া ‘নৈতিকভাবে দেউলিয়া’ হয়েছে: আরডার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। একই সঙ্গে তিনি বলেছেন, রাশিয়া ‘নৈতিকভাবে দেউলিয়া’ হয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীনের ভেটো–ক্ষমতা বাতিলে দীর্ঘদিন ধরে সোচ্চার আরডার্ন আবার এর সংস্কারের দাবি করেছেন।

বাণিজ্য সফরে প্রতিবেশী অস্ট্রেলিয়া সফর করছেন আরডার্ন। আজ বৃহস্পতিবার সিডনিভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান লোওই ইনস্টিটিউটে এসব কথা বলেন তিনি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন নিয়ে জাতিসংঘের ব্যর্থতার মূল কারণ রাশিয়ার ভেটো–ক্ষমতা।

জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘অন্যায্য এক যুদ্ধে নৈতিকভাবে দেউলিয়া রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের ভেটো–ক্ষমতার অপব্যহার করছে।’

আরডার্ন বলেন, নিউজিল্যান্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার চাইবে, যাতে এর মূল্য ও প্রাসঙ্গিকতা কমে না যায়। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতিসংঘের সংস্কার করতে হবে, যাতে করে নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলে অন্য দেশের ওপর নির্ভর করতে না হয়।’

ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়াকে অবশ্যই জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছেন তিনি। আরডার্ন একই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্ত করতে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানান।