রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির আহ্বান জাপানের
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তিতে উপনীত হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। বিরোধপূর্ণ চারটি দ্বীপ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। খবর বিবিসির।
টোকিওতে গতকাল সোমবার খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে সংবাদ সম্মেলনে শিনজো আবে বলেন, তিনি ও রুশ প্রেসিডেন্ট পুতিন দুজনেই মনে করেন, এত দিন পরও বিতর্কিত দ্বীপগুলো নিয়ে কোনো চুক্তি না হওয়াটা ‘অস্বাভাবিক’।
আবে বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, ‘ভবিষ্যতে যখনই সুযোগ সৃষ্টি হবে, আমি তখনই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এই বিষয়ে ঐকমত্যে উপনীত হতে আলোচনা অব্যাহত রাখব।’
১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) কয়েকটি দ্বীপ দখল করে নেয়। জাপান ওই দ্বীপগুলোকে ‘উত্তরের ভূখণ্ড’ বলে আখ্যায়িত করে। আর রাশিয়া সেগুলোকে বলে দক্ষিণ কুড়িল দ্বীপপুঞ্জ নামে। দেশ দুটির মাঝে ১৯৫৬ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিতর্কিত কুড়িল দ্বীপপুঞ্জকে নিয়ে দুই দেশের বিতর্কের আজও নিষ্পত্তি হয়নি।
২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে শিনজো আবে মস্কোর সঙ্গে সম্পর্কোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৩ সালে মস্কো সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশ দুটির মধ্যে বিতর্কিত ভূখণ্ড নিয়ে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ফেলতে পরস্পরের প্রতি আহ্বান জানিয়েছিলেন।