ইন্দোনেশিয়া মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত সাত বিদেশিসহ আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়া এরই মধ্যে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলেছে, তারা মাদক পাচারকারীদের বিরুদ্ধে ‘আইনের শাসন’ প্রয়োগ করেছে মাত্র। খবর এএফপি ও বিবিসির।
ইন্দোনেশিয়ার নুসাকামবাঙ্গান দ্বীপের একটি কারাগারে গত মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের পর ফায়ারিং স্কোয়াডে ওই আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁদের মধ্যে এন্ড্রু চ্যান ও মাইয়ুরান সুকুমারান নামের দুজন অস্ট্রেলিয়ার নাগরিক। বাকিরা ব্রাজিল, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক। এ ছাড়া ফিলিপাইনের এক নারীর একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। আর মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় একজন ফরাসি নাগরিকের নাম থাকলেও আদালতে আবেদনের এখনো নিষ্পত্তি হয়নি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, ‘আমরা ইন্দোনেশিয়ার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। কিন্তু যা করা হয়েছে, তার নিন্দা জানাই।’ পাশাপাশি ইন্দোনেশিয়ায় নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহারেরও ঘোষণা দেন অ্যাবট। তিনি বলেন, ‘চ্যান ও সুকুমারানের পরিবারগুলোর প্রতি সব ধরনের শিষ্টাচার প্রদর্শনের পর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হবে।
বিশ্লেষকেরা বলছেন, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহারের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। কেননা, দেশ দুটি আশ্রয়প্রার্থী ও সন্ত্রাসবাদের মতো ইস্যুগুলোতে একসঙ্গে কাজ করে আসছে। এ ছাড়া এই প্রথম ইন্দোনেশিয়া থেকে কোনো অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা এল।
ব্রাজিল সরকারও তার নাগরিক রদ্রিগো গুলার্তকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ইন্দোনেশিয়া মৃত্যুদণ্ড কার্যকর করায় ‘গভীর হতাশা’ প্রকাশ করেছে। দেশটি বলেছে, এ ঘটনার জবাবে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে তারা এখন কাজ করছে। আরেক দেশ নাইজেরিয়ার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে গতকাল বুধবার সাফাই গেয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ প্রাসেতিও বলেছেন, তাঁর দেশ এখন মাদকের বিরুদ্ধে লড়াই করছে। সে ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি ছিল একটি অতীব জরুরি বিষয়।