রাস্তায় ছড়িয়ে পড়ল ১৫ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্সগুলো নগদ কাগুজে নোটে ভরা। তা-ও আবার প্রায় ২০ লাখ ডলার! বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৫ কোটি টাকার বেশি। এত্ত টাকা যদি রাস্তায় ছড়িয়ে পড়ে, তাহলে পথচারীদের কি আর হুঁশ থাকে? শুরু হয়ে গেল হুড়োহুড়ি। তবে পুলিশ শেষতক কিছু ডলার উদ্ধার করতে পেরেছে।
এএফপির খবরে জানানো হয়, গত বুধবার হংকংয়ের কেন্দ্রস্থলে গ্লুসেস্টার রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কে ১৫ দশমিক ২৩ মিলিয়ন হংকং ডলার বা ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ছড়িয়ে পড়ে, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৩৩ লাখ টাকা। হুড়োহুড়ি করে লোপাটের পর কত টাকা মানুষের পকেটে গেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, যারা এই টাকা কুড়িয়ে নিয়েছে, তাদের এগুলো ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় এ টাকা লোপাটের অভিযোগ আনা হবে। দোষী সাব্যস্ত হলে ১০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।
পুলিশ সুপার ওয়ান সিও-হাংয়ের ভাষ্য, চালকের অসাবধানতায় এ ঘটনা ঘটে। নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হওয়ার আধা ঘণ্টা পর তাঁর খেয়াল হয় পেছনের দরজা খোলা। ডলারের বাক্সগুলো পড়ে গেছে।