সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানে ইতিমধ্যে সাত হাজারের বেশিবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোট। আর গত ৩০ সেপ্টেম্বর থেকে শুধু সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্র-জোটের এত বেশি হামলার পরও সবচেয়ে আশাবাদীরা বলছেন, হামলার ফলে আইএসের প্রভাব সীমিত হয়ে এসেছে। অর্থাৎ বলা হচ্ছে, আইএসকে সংযত করা গেছে—কোনোভাবেই বলা যাবে না যে আইএস পরাজিত হয়েছে। প্রশ্ন হলো রাশিয়া তাহলে শুধু সিরিয়ায় আইএসবিরোধী হামলা চালিয়ে এর চেয়ে কী করতে পারবে? হামলায় কী অস্ত্র ব্যবহার করছে মস্কো? রুশ সামরিক শক্তি কীভাবে যুক্তরাষ্ট্র-জোটের সঙ্গে তুলনীয় হবে? আর এই হামলায় শেষ পর্যন্ত কী অর্জন করতে পারবে রাশিয়া?
যুক্তরাষ্ট্র জোটের বিমান হামলার সঙ্গে রুশ হামলার তুলনা করতে গিয়ে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক ডগলাস ব্যারি বলেন, রুশ বিমানগুলোর যুক্তরাষ্ট্র-জোটের বিমানের তুলনায় নির্ভুল নিশানায় আঘাত হানার হার কম। ২০০৮ সালে জর্জিয়া যুদ্ধেই সেটা প্রকাশ পেয়েছে।
এ কারণেই সিরিয়ায় রুশ বিমান হামলায় কী ফল আনবে, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। আর এ কারণেই হয়তো কাস্পিয়ান সাগর থেকে ইরাক ও ইরানের আকাশসীমার ওপর দিয়ে দেড় হাজার কিলোমিটার দূরে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সিরিয়ায় রাশিয়ার সম্পৃক্ততা আরও জোরালো হয়েছে।
সিরিয়া অভিযানে যুক্তরাষ্ট্র-জোটের সবচেয়ে বড় দুর্বলতা হলো, স্থল অভিযানে তারা শক্তিশালী আস্থাভাজন বাহিনী পায়নি। তাই বিমান হামলা সত্ত্বেও তাতে আইএসবিরোধী অভিযান চূড়ান্তভাবে কার্যকর হচ্ছে না। এ ক্ষেত্রে রাশিয়ার অবস্থা ঠিক তার বিপরীত। কারণ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী রুশ হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে। রুশ হামলা অবশ্যই বাশার বাহিনীকে নতুন উদ্যমে আইএস ও সরকারবিরোধীদের বিরুদ্ধে হামলা চালাতে উদ্বুদ্ধ করছে; যা রাশিয়া ও সিরিয়া তথা প্রেসিডেন্ট বাশারের জন্য ইতিবাচক।
তবে রাশিয়া সিরিয়া অভিযানে গেছে বিদ্রোহীদের হাতে বেদখল হয়ে যাওয়া এলাকা সরকারি বাহিনীকে পুনরুদ্ধার করে দিতে নয়। বরং রুশ অভিযান চলছে, প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য; যার মূল লক্ষ্য আঞ্চলিক ও কূটনৈতিক হিসাব-নিকাশে পরিবর্তন আনা।