রুশ সহায়তায় বাশার বাহিনীর অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার টানা বিমান হামলার সহায়তা নিয়ে গত শনিবার সিরিয়ার হামা ও লাতাকিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রগতি পেয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। রাশিয়া বলেছে, ২৪ ঘণ্টায় তাদের সেনারা আইএসের ৫৫টি অবস্থানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যস্থলের মধ্যে ছিল দামেস্ক, আলেপ্পো, হামা, রাকা ও ইদলিব প্রদেশের বিভিন্ন অবস্থান। এএফপি ও রয়টার্সের।
সিরিয়ার সরকারি টেলিভিশন ও যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রুশ বিমান হামলার সমর্থনে হামায় প্রেসিডেন্ট বাশারের বাহিনী আল-কায়েদা-সমর্থিত নুসরা ফ্রন্টসহ বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ থেকে কিছু এলাকার দখল নিয়েছে। দখলকৃত এলাকার একটি আতসুন গ্রাম। হামার উত্তর-পশ্চিমে এগোনোর পথে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে এ বাহিনীর প্রচণ্ড লড়াই চলার খবর পাওয়া যাচ্ছে। একটি পাহাড়ের শীর্ষভাগেরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
সরকারি বাহিনীর লক্ষ্য দৃশ্যত খান শেইখুন শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করা। এর কাছে ইদলিব সীমান্তের একটি মহাসড়ক গুরুত্বপূর্ণ আলেপ্পো ও রাজধানী দামেস্ককে যুক্ত করেছে। খান শেইখুনের উত্তরের বেশ কিছু স্থান অবরুদ্ধ করে এ মহাসড়ক বিচ্ছিন্ন করে রেখেছে বিদ্রোহীরা। একটি সেনাসূত্র জানায়, মহাসড়কটির ওপর নজরদারিতে সহায়ক সুকাইক পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে বাশার বাহিনী।
সিরিয়ায় টানা রুশ বিমান হামলার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থল হামা প্রদেশ। হামা ছাড়াও এই প্রদেশটির পার্শ্ববর্তী লাতাকিয়া ও ইদলিব প্রদেশেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল মস্কোয় বলা হয়, গত ২৪ ঘণ্টায় তাদের বিমান হামলায় আইএস বিদ্রোহীদের ২৯টি প্রশিক্ষণ শিবির, ২৩টি প্রতিরক্ষা অবস্থান, দুটি কমান্ড সেন্টার ও একটি অস্ত্রাগার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রাকা ও হামা আইএসের মূল ঘাঁটি বলে বিবেচিত। বাকি তিনটি প্রদেশ পশ্চিমাঞ্চলীয় দামেস্ক, আলেপ্পো ও ইদলিবে গোষ্ঠীটির প্রতীকী অবস্থান রয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে আলেপ্পোয় এ অবস্থান পাকাপোক্ত করেছে তারা।
সিরিয়ান অবজারভেটরির মতে, আইএস আলেপ্পো শহরের উত্তর প্রান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আছে। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদের কাছাকাছি জনপদ ও সামরিক ঘাঁটি থেকে তাড়িয়ে দিয়েছে।
রুশ-মার্কিন আলোচনায় অগ্রগতি: সিরিয়ায় বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার টানাপোড়েনের মধ্যে সিরীয় আকাশে দুই দেশের বিমানের নিরাপত্তা নিয়ে শনিবার দেড় ঘণ্টার এক ভিডিও কনফারেন্স করেছেন রুশ-মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা দপ্তর বলেছে, ওই পেশাদারি আলোচনা সুনির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নের ওপরেই ঘনিষ্ঠভাবে নিবদ্ধ ছিল। আলোচনায় অগ্রগতি হয়েছে এবং অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে আরও আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।
রুশ-সৌদি বৈঠক: রয়টার্স জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। বলা হচ্ছে, সিরিয়ায় রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতিপক্ষ শক্তিগুলোর সঙ্গে রাশিয়ার যোগাযোগের এটাই সবচেয়ে বড় প্রচেষ্টা। সৌদি প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পুতিনের আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, উভয় দেশ সিরিয়ার বিষয়ে সহযোগিতায় আগ্রহী এবং তারা একটি সন্ত্রাসী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া ঠেকাতে চায়।