রুশ হামলাতেই দুর্বল হচ্ছে আইএস: বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জঙ্গিসহ বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে রাশিয়ার অংশগ্রহণে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আসছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার ভূমিকাতেই তাঁর দেশে ইসলামিক স্টেটের (আইএস) ক্ষমতা খর্ব হচ্ছে। খবর বিবিসির।
রাশিয়া তার গুরুত্বপূর্ণ মিত্র বাশার আল-আসাদের সমর্থনে গত সেপ্টেম্বরের শেষ নাগাদ সিরিয়ায় বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করে। এ প্রসঙ্গে চেক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, তাঁর দেশে যুক্তরাষ্ট্রের এত দিনের বিমান হামলা আইএসকে দুর্বল করতে পারেনি, বরং রাশিয়ার বোমা হামলাতেই জঙ্গিগোষ্ঠীটি কাবু হচ্ছে।
সম্প্রতি তুরস্ক-সিরিয়া সীমান্তে তুর্কি বিমানবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার নিন্দা জানান প্রেসিডেন্ট বাশার।
সাক্ষাৎকারে বাশার বলেন, গত বছরের সেপ্টেম্বরে সিরিয়ায় মার্কিন বিমান হামলা শুরুর পর থেকে বরং আইএসের তৎপরতা ও বিভিন্ন দেশ থেকে এ গোষ্ঠীতে সদস্য নিয়োগের কাজ বেড়ে যায়। তবে সম্প্রতি লড়াইয়ে রাশিয়ার অংশগ্রহণের পর থেকে আইএসের তৎপরতা সংকুচিত হচ্ছে। খর্ব হচ্ছে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সহযোগী আল-নুসরা ফ্রন্ট ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপের ক্ষমতাও।
সিরিয়ার প্রতিবেশী তুরস্ক সরকারেরও সমালোচনা করেন প্রেসিডেন্ট বাশার। ২৪ নভেম্বর সিরিয়ার অভ্যন্তরে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় তিনি এ সমালোচনা করেন। বাশার বলেন, ‘বিমান ভূপাতিত করার ঘটনাটি এটাই তুলে ধরছে যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শক্তি হারিয়ে ফেলেছেন। সিরিয়ায় তাঁর ব্যর্থতা, তাঁর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যর্থতা তাঁর রাজনৈতিক মৃত্যুকেই তুলে ধরছে।’