কয়েক সপ্তাহ আগেও দেশ ছাড়ার কথা ভাবছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের বাসিন্দা অর্থনীতির ছাত্র ফিরাস কিয়ানি। তিনি ধরে নিয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। গত ৩০ সেপ্টেম্বর সিরিয়া সরকারের পক্ষে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর মত বদলেছেন কিয়ানি।
২০ বছর বয়সী ফিরাস কিয়ানির মতে, ‘পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করেছি। কী হয় তা দেখার জন্য অপেক্ষা করছি।’ দামেস্কের একটি ক্যাফেতে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন কিয়ানি। সেখানেই বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা হয় তাঁর।
সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানের কথা বলে সিরিয়ায় হামলা শুরু করেছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের অভিযোগ, আইএস নয়—রুশ হামলার প্রধান লক্ষ্য বাশার সরকারবিরোধী বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র ওই বিদ্রোহীদের নানাভাবে সহায়তা দিচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যা-ই বলুক, দামেস্কসহ সরকারি নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর অনেক বাসিন্দাই রাশিয়ার অভিযান নতুন আশার আলো হিসেবে দেখছেন।
শিক্ষার্থী কিয়ানি বলেন, ‘আমি প্রায়ই হতাশ হয়ে পড়তাম। বন্ধুদের সঙ্গে দেশ ছাড়ার পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু রুশ হামলা শুরু হওয়ার পর সিরিয়ার সরকারি বাহিনী আবার এগোনো শুরু করেছে। এটা একটা ভালো দিক।’
রুশ অভিযান শুরু হওয়ার আগে সিরিয়ার সরকারি বাহিনী ছিল অনেকটা কোণঠাসা। প্রেসিডেন্ট বাশার আল আসাদও বিষয়টি স্বীকার করেছেন। তবে এখন অনেক সিরীয় মনে করেন, রাশিয়ার হামলা সেই পরিস্থিতি পাল্টে দিয়েছে। দামেস্কের ক্যাফে, স্কয়ার, উদ্যানগুলোতে এখন তরুণ-বৃদ্ধ সবার মুখেই রাশিয়ার অভিযান আর তাদের ব্যবহৃত নতুন যুদ্ধবিমানগুলোর কথা।
৪৮ বছর বয়সী খালেদ লাবানি রাশিয়ার অভিযানকে ‘সুখোই ঝড়’ হিসেবে উল্লেখ করলেন। এই অভিযানে রাশিয়া তার ‘সুখোই’ মডেলের যুদ্ধবিমান ব্যবহার করছে। দামেস্ক থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আরবিন শহরের বাসিন্দা খালেদ যুদ্ধের কারণে বাড়ি ও চাকরি হারিয়েছেন অনেক আগেই। এখন ক্যাফেতে বন্ধুদের সঙ্গে তাস খেলে সময় কাটে তাঁর। রাশিয়া সিরিয়ার সমর্থনে অভিযান শুরু করায় খুশি খালেদ। তাঁর মতে, ‘রুশ অভিযানের ফলে জঙ্গিদের বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান শক্তিশালী হয়েছে।’
খালেদের বন্ধুরাসহ সরকারপন্থী অনেক সিরীয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আদর করে ‘আবু আলী’ নাম দিয়েছেন। তবে এই নামে আপত্তি আছে খালেদের। তিনি বলেন, ‘আমি এই নামে পুতিনকে ডাকি না। কারণ, এখানে নিজের স্বার্থের জন্যই অভিযান চালাচ্ছে রাশিয়া।’
দামেস্কের আরেকটি ক্যাফেতে কথা হয় ওয়াসিম আল-খালিদির সঙ্গে। সিরিয়ার সরকারি বাহিনীকে ‘নতুন জীবন’ দেওয়ার জন্য রাশিয়ার প্রশংসা করলেন তিনি। ওয়াসিম বলেন, ‘রাশিয়া ঠিক সময়েই অভিযান শুরু করেছে। বিশেষ করে সিরিয়ার সরকারি বাহিনী যখন ক্লান্ত হয়ে পড়েছে। রুশ হামলার আগে সরকারি বাহিনী তেমন কোনো অগ্রগতিই অর্জন করতে পারেনি। এখন দারা, আলেপ্পো ও হোমস শহরে ঢুকে পড়ছে।’
রাশিয়ার অভিযান প্রসঙ্গে আইনজীবী আনাস জুদেহ সিরিয়ার প্রবাদ টেনে বলেন, ‘ধার করা জামায় ওম মেলে না।’ তবে তিনি বলেন, সিরিয়াকে শক্তিশালী করার স্বার্থেই রুশ হামলা প্রয়োজন।