রোজার মধ্যে খাওয়ায় দুজনকে ফাঁসি দিল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে দিনের বেলা খাওয়ার অভিযোগে সিরিয়ায় দুই তরুণকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভে​টরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এএফপি গত মঙ্গলবার এ সংবাদ প্রকাশ করেছে।

মানবাধিকার পর্যবেক্ষণকারী দলটির প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, দেইর ইজর প্রদেশের মায়াদিন গ্রামের বাসিন্দারা তাঁদের বলেছেন, আইএস জঙ্গিরা ১৮ বছরের কম বয়সী দুই তরুণকে ক্রসবারের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছে। তিনি বলেন, মঙ্গলবার দিনের বেলা খাওয়া দাওয়া করার সময় তাঁদের আটক করা হয়। এরপর দুপুরে তাদের ক্রসবারের সঙ্গে ঝোলানো হয় এবং সন্ধ্যা পর্যন্ত তাঁরা ঝুলন্ত অবস্থাতেই ছিল।

জঙ্গিরা ওই দুই তরুণের গায়ে সেঁটে দেওয়া হয় কাগজ। সেখানে লেখা ছিল ‘এরা ধর্মকে অবজ্ঞা করে দিনের বেলায় খেয়েছে।’

জঙ্গিগোষ্ঠী আইএস সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। তারা ওই অংশটুকুতে খেলাফত ঘোষণা করে সেখানে শরিয়া আইন প্রযোজ্য হবে বলে দাবি করছে।