রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক চাপের মুখে মিয়ানমার
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের কারণে প্রতিবেশী দেশগুলোর অব্যাহত চাপের মুখে পড়েছে দেশটি। চলমান সংকট নিরসনে সোমবার ইয়াঙ্গুনে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এএফপির খবরে এ কথা বলা হয়েছে।
নভেম্বর মাসে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে বিদ্রোহ দমনের নামে সামরিক অভিযানের পর ২৭ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে গেছে। গত অক্টোবর মাসে মিয়ানমারের একটি পুলিশ ফাঁড়িতে হামলার পেছনে জঙ্গিদের হাত রয়েছে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মূলত রোহিঙ্গাদের ওপর সামরিক নির্যাতন শুরু হয়। এ অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে ধর্ষণ, হত্যা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ এসেছে রোহিঙ্গাদের কাছ থেকে। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে মিয়ানমারের বিরুদ্ধে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন-আসিয়ান, আঞ্চলিক ১০টি সদস্য দেশের মধ্যে ঐকমত্য ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা করতে এক বৈঠকের আয়োজন করে। সোমবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সংকট মোকাবিলায় ইয়াঙ্গুনে আলোচনায় বসেন তাঁরা। রোহিঙ্গাদের ওপর এই নির্যাতনকে অমানবিক উল্লেখ করে মালয়েশিয়া নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তাদের মতে, ওই এলাকায় গত দুই মাসে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।
ওই বৈঠকের বরাত দিয়ে কুয়ালালামপুর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান সতর্ক করে বলেন, এ ঘটনার সুরাহা না হলে গত বছরের মতো হাজার হাজার অনাহারী রোহিঙ্গা আবার নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই পরিস্থিতি এখন একটি আঞ্চলিক উদ্বেগের কারণ এবং সবাই মিলে একসঙ্গে এর সমাধান করা উচিত।’ মিয়ানমারকে এই সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে বলেও জানান তিনি।
আসিয়ানের সাবেক মহাসচিব অং কেং ইয়ং এএফপিকে বলেন, ‘রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যেও ভীতি কাজ করছে। এ ধরনের ঘটনা যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তবে আমাদের আসিয়ানের শান্তি ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে।’
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে মিয়ানমার এ অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘেরও সমালোচনার মুখে পড়েছে। গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশনার জাইদ রাদ আল হুসাইন মিয়ানমার সরকারের সমালোচনা করে বলেন, ‘সংকট নিরসনে সরকার অনুভূতিহীন এবং একটি খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করতে যা করা দরকার, মিয়ানমার সরকার তা–ই করছে।’
সোমবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমারের সেনাবাহিনী বেসামরিক লোকের ওপর যে ব্যাপক অত্যাচার করছে, সেটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে পরিগণিত হতে পারে।