রোহিঙ্গা নির্যাতনের কথা অস্বীকার মিয়ানমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামে অন্যদের সঙ্গে বসে থাকা কয়েকজন রোহিঙ্গাকে লাথি মারছেন একজন পুলিশ সদস্য। প্রকাশিত ভিডিও চিত্র থেকে ছবিটি নেওয়া। ছবি: এএফপি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামে অন্যদের সঙ্গে বসে থাকা কয়েকজন রোহিঙ্গাকে লাথি মারছেন একজন পুলিশ সদস্য। প্রকাশিত ভিডিও চিত্র থেকে ছবিটি নেওয়া। ছবি: এএফপি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিশন।
মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের পুলিশ মারধর করছে—এমন একটি ভিডিও প্রকাশের কয়েক দিন পর আজ বুধবার ওই কমিশন বিষয়টি অস্বীকার করল।
উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের সীমান্তে গত ৯ অক্টোবর তিনটি তল্লাশিচৌকিতে অস্ত্রধারীদের হামলায় দেশটির নয়জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর সেনাবাহিনী অভিযান শুরু করে। এরপর কয়েক হাজার রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই সেনা অভিযানে বেশ কয়েকজন নিহত হয়। পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের অনেকে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হত্যা ও নির্যাতনের অভিযোগ করেছেন।
শান্তিতে নোবেল জয়ী অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। সংখ্যালঘুদের রক্ষায় ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপকেও তারা অগ্রাহ্য করেছে।

রোহিঙ্গাদের ওপর সহিংসতার অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করে মিয়ানমার। আজ ওই কমিশন অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর দ্বারা রোহিঙ্গাদের নির্যাতনের দাবি অস্বীকার করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কমিশনের এক বিবৃতিতে বলা হয়, উত্তেজনাপূর্ণ এলাকার মসজিদ ও ধর্মীয় ভবন এবং ‘বাঙালি’ জনগোষ্ঠীর সংখ্যা প্রমাণ করে যে সেখানে কোনো গণহত্যা ও ধর্মীয় নিপীড়নের ঘটনা ঘটেনি।

মিয়ানমার দেশটির সংখ্যালঘু আদিবাসী রোহিঙ্গাদের স্বীকৃতি দেয় না। তারা রোহিঙ্গাদের বাঙালি বা প্রতিবেশী বাংলাদেশের অবৈধ অভিবাসী বলে বর্ণনা করে থাকে।

সেনাবাহিনীর সাবেক এক জেনারেলের নেতৃত্বে ওই কমিশন গঠন করা হয়। কমিশন বলছে, তারা ধর্ষণের ঘটনার পর্যাপ্ত প্রমাণ পায়নি এবং তারা ঘরবাড়িতে আগুন দেওয়া, অবৈধভাবে গ্রেপ্তার ও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের দাবির বিষয়ে তারা এখনো তদন্ত করছে। বিস্তারিত কিছু না বলে কমিশন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ৪৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে।

চার পুলিশ কর্মকর্তা রোহিঙ্গাদের মারধর করছে এবং লাথি মারছে—কয়েক দিন আগে এমন একটি ভিডিও প্রকাশের পর সরকার ওই চারজনকে আটক করে। ওই ভিডিও চিত্রটি ধারণ করেন তাদেরই আরেক সহকর্মী।