রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ সমাবেশে যাবেন রাজাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠেয় এক সমাবেশে অংশ নেবেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
মালয়েশীয় ওই কর্মকর্তা জানান, রোববার অনুষ্ঠেয় সমাবেশটির স্থান এখনো নির্ধারণ করা হয়নি। এতে রাজনীতিবিদ ও বিভিন্ন এনজিওসহ রোহিঙ্গা ইস্যুতে যুক্ত অনেকে অংশ নেবেন। তিনি এর বেশি কিছু জানাননি।
মালয় মেইল অনলাইনে গতকাল উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদির উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় সমাবেশ থেকে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতার বিরুদ্ধে উদ্বেগ ও প্রতিবাদ জানানো হবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার মন্ত্রিসভা গত সপ্তাহে এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানায়। তবে সমাবেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতির ঘোষণায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক চং জা লান বলেন, ‘এ ধরনের সমাবেশে নাজিব রাজাকের উপস্থিতি হবে বেমানান’।
অন্যদিকে তুরস্কের ইপেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মালয়েশিয়ার রাজনৈতিক বিশ্লেষক ব্রিজিট ওয়েলশ বলেন, পরিকল্পিত এই সমাবেশ হবে মালয়েশিয়ার নেতাদের জন্য একেবারেই রাজনৈতিক কাজ।’ তিনি বলেন, নিজ দেশে নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ায় এই নেতারা এখন নিজেদের ইসলাম-সংশ্লিষ্টতা দেখাতে মরিয়া হয়ে উঠেছেন।