রোহিঙ্গা নির্যাতনের ভিডিও নিয়ে তদন্ত করছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিল মিয়ানমার কর্তৃপক্ষ। এ নিয়ে বিশ্ব সম্প্রদায় বাড়াবাড়ি করছে, এমন দাবিও করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বেশ বেকায়দায় পড়েছে দেশটির সরকার। ওই ভিডিওতে দেখা যাচ্ছে মিয়ানমার পুলিশ রাখাইন রাজ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজনকে মারধর করছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পুলিশের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া রোহিঙ্গা নির্যাতনের একটি ভিডিওকে আমলে নিয়ে মিয়ানমারের সরকার প্রথমবারের মতো এই উদ্যোগ নিল। সেই ভিডিও চিত্র তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। গত ৫ নভেম্বরে রাখাইন রাজ্যে ভিডিওটি ধারণ করেছিলেন পুলিশের এক কর্মকর্তা।
এর আগে রোহিঙ্গাদের ধারণ করা মারধরের বহু ভিডিও বিভিন্ন মাধ্যমে এলেও সেগুলো নকল বলে বাতিল করে দিয়েছিল সরকার। এবারই প্রথম তারা নির্যাতনের কথা স্বীকার করল।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাখাইন রাজ্যের মংডুতে পুলিশ কর্মকর্তাদের সামনে বহু রোহিঙ্গা গ্রামবাসী সারিবদ্ধভাবে বসে আছে। এক পুলিশ কর্মকর্তা রোহিঙ্গা সম্প্রদায়ের এক যুবককে মারধর করছেন। অন্য পুলিশ কর্মকর্তা এসে মুখে লাথি মারছেন। পাশে বসে থাকা অন্য রোহিঙ্গাদের মারধর করা হচ্ছে। পুলিশের তিন সদস্য তাঁদের মুখেও লাথি মারছেন।
গত অক্টোবরে বাংলাদেশ সীমান্তবর্তী নিরাপত্তাচৌকিতে হামলায় পুলিশের কয়েকজন সদস্য নিহত হওয়ার পর সেখানে অভিযানে নামে সেনাবাহিনীসহ অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী। ৫০ হাজার রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়েছেন। বহু মানুষকে হত্যা করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে রোহিঙ্গা নারীদের—এমন প্রমাণ বারবার হাজির করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
অং সান সু চির সরকার বিবৃতি দিয়ে বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছে, এই ঘটনা নভেম্বরে রাখাইনে সংঘর্ষের দুই দিন পরেই ঘটেছে। সংঘর্ষে পুলিশের এক সদস্যকে হত্যা করা হয়েছিল। এরপরই অভিযানে নামে পুলিশ। এই ভিডিও প্রকাশের পর রাষ্ট্রীয় উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, বিধিমালা যারা লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর গতকাল পুলিশের কয়েকজন সদস্যকে আটক করা হয়।