রোহিঙ্গাদের কাজের অনুমতি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় বসবাসরত ৪৬ হাজারের বেশি রোহিঙ্গা উদ্বাস্তুকে কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। মালয়েশিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য এ কথা জানিয়েছেন। খবর মালয়েশিয়া ইনসাইডারের।
বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী মনে করা হয়ে থাকে মিয়ানমারের রোহিঙ্গাদের। দেশটির সংখ্যালঘু মুসলিম এই জনগোষ্ঠীর সদস্যরা আরাকান রাজ্যে সরকারি মদদে নিপীড়নের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চলে গেছে।
মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সম্প্রতি ইউএনএইচসিআরের কার্ড বিতরণ করা হয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, রোহিঙ্গা শরণার্থীদের শোচনীয় অবস্থা বিবেচনায় নিয়ে তাদের মালয়েশিয়ায় কাজ করার সুযোগ দেওয়া উচিত।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী শহিদান কাশিম গত সোমবার জানান, রোহিঙ্গাদের কাজ করার সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করেছে ইউএনএইচসিআর। এই শরণার্থীরা যাতে দেশটিতে কাজ করে উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্যই এই অনুরোধ। তিনি কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের কাজ করতে অনুমতিপত্র নেওয়া লাগে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থীদের কাজের অনুমতিপত্র দেওয়ার সুপারিশ করেছে। যেসব রোহিঙ্গা ইউএনএইচসিআরের কার্ড পেয়েছে, তাদের জন্য এই সুপারিশ করা হয়েছে।
অবশ্য প্রধানমন্ত্রীর দপ্তর রোহিঙ্গাদের কাজের অনুমতিপত্র দেওয়ার ব্যাপারে সরাসরি কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী কাশিম। তিনি জানান, ইউএনএইচসিআরকে বলে দেওয়া হয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই কেবল এ বিষয়ে আবেদন করা যেতে পারে।
ইউএনএইচসিআরের কার্ড বিতরণ ও জাল কার্ড তৈরিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। মন্ত্রী কাশিম সে বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ইউএনএইচসিআরের এর কার্ড বেচাকেনার অভিযোগ থাকার পাশাপাশি কার্ড জাল করারও বেশ কিছু খবর তাঁদের হাতে রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে ও পদক্ষেপ নিতে ইউএনএইচসিআরকে অনুরোধ করা হয়েছে।
এদিকে মালয়েশিয়ায় ইউএনএইচসিআরের দপ্তর দেশটিতে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত ৩১ মে পর্যন্ত দেশটিতে ১ লাখ ৫৩ হাজার ৪ জন আশ্রয়প্রার্থী ও শরণার্থী ইউএনএইচসিআরের মাধ্যমে নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ২২৪ জনই মিয়ানমারের নাগরিক বলে জানান মন্ত্রী কাশিম। তিনি জানান, ইউএনএইচসিআরের মাধ্যমে নিবন্ধিত ওই আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের মধ্যে ৪৯ হাজার ৩৪০ জন মিয়ানমারের জাতিগত চীনা ও ৪৬ হাজার ৫৮১ জন রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য।