রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে মালয়েশিয়া

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের একটি পাইলট প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে কাজের সুযোগ দেবে মালয়েশিয়া। যাতে উভয় পক্ষই সমানভাবে লাভবান হয়। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।
দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ায় দেড় লাখ উদ্বাস্তু, যাঁদের মধ্যে প্রায় ৫৫ হাজার রোহিঙ্গা রয়েছে, তাঁদের সুরক্ষা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করতে একদল সমর্থনকারী দাবি জানিয়ে আসছে। কাজ করার আইনি অধিকার না থাকায় অনেক শরণার্থী সেখানে মানবেতর জীবন যাপন করছেন। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তাঁরা পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন রেস্তোরাঁ বা ভবন নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন। কিন্তু সেখানেও প্রায়ই তাঁদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া যায়।
রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রক্রিয়াও খুব ধীর। মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই পাইলট প্রকল্পের আওতায় প্রথমে ৩০০ জন রোহিঙ্গা বাগান তৈরি ও উত্পাদন খাতে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। যদিও মালয়েশিয়া জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়।
কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, এই প্রকল্প মালয়েশিয়ায় শরণার্থীদের জন্য কাজের পথ সুগম করতে পারে। সংস্থাটির মুখপাত্র ইয়ান্তে ইসমাইল থমসন রয়টার্স ফাউন্ডেশনে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, শরণার্থীদের জন্য একটি নিয়ন্ত্রিত প্রকল্প সব পক্ষের জন্যই লাভজনক হতে পারে। তিনি আরও বলেন, শরণার্থীরা মালয়েশিয়ার অর্থনীতির জন্য একটি মূল্যবান শ্রম উৎস হতে পারেন এবং তাঁদের কাজ করার জন্য আইনি সুযোগ তৈরি করা হলে সরকারের পক্ষে তাঁদের পরিচালনা করা সহজতর হবে। তিনি বলেন, মালয়েশিয়ায় শরণার্থীদের বৈধতাদানকারী একটি প্রকল্প মালয়েশিয়া সরকারের ওপর তাদের নির্ভরশীলতা কাটিয়ে, তাদের নিজেদের সুরক্ষা ও আত্মনির্ভরশীলতা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তবে মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, অতীতেও তারা শরণার্থীদের কাজ করার সুযোগ দিয়েছে, কিন্তু তখন অনেক কিছুই স্বচ্ছ ছিল না। এ কারণে অনেক কর্মকর্তাই অভিবাসন-নীতি শিথিল করতে ভয় পান। গত আগস্ট মাসে মালয়েশিয়ার উপস্বরাষ্ট্রমন্ত্রী থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানিয়েছেন, ইউএনএইচসিআরকে সঙ্গে নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্কফোর্স অভিবাসীদের কাজ করার সুযোগ দেওয়ার প্রক্রিয়া করছে।
এদিকে মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের বিষয়ে কথা বলার জন্য সে দেশে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে।