রোহিঙ্গাদের হাজারো ঘরবাড়ি ধ্বংস:এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের সহস্রাধিক বাড়িঘর ধ্বংস করে ফেলা হয়েছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আজ সোমবার এ দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
মিয়ানমারের বাংলাদেশসংলগ্ন সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। দেশহীন এই মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বড় অংশের বসবাস এই সীমান্তসংলগ্ন এলাকাতেই।
গত মাসে সীমান্ত এলাকাগুলোতে কয়েকটি পুলিশ চৌকিতে হামলা হয়। এরপর থেকেই মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে বেশ কয়েক দিন ধরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। কথিত এ অভিযানের নামে সেখানে থাকা রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চলছে বলে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠলেও এ অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার
জাতিসংঘ বলেছে, চলমান সহিংসতায় ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। মিয়ানমারের সেনাবাহিনী হেলিকপ্টার থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরুর করে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত ৭০ জনের বেশি নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয় চার শতাধিক মানুষকে। তবে নিরপেক্ষ বিভিন্ন সূত্র বলছে, নিহত এবং গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা আরও বেশি।
এই সহিংসতার পরিপ্রেক্ষিতে কয়েক শ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।
মানবাধিকারকর্মীদের দাবি, নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালাচ্ছে। সেখানে হত্যা, ধর্ষণ এবং লুটতরাজের ঘটনা ঘটছে। ধ্বংস করা হয়েছে অনেক বাড়িঘর।
এত সব নিপীড়নের ঘটনার পরও মিয়ানমার সরকারের এখন অলিখিত প্রধান নোবেল বিজয়ী অং সান সু চি নিপীড়নের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
আজ এইচআরডব্লিউ বলেছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত পাঁচ গ্রামের কয়েক শ বাড়িঘর ধ্বংস করা হয়েছে। আর সব মিলিয়ে ১ হাজার ২৫০টি বাড়িঘর ধ্বংসের চিত্র পাওয়া গেছে।
এইচআরডব্লিউয়ের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বললেন, সামরিক আমলের মতো কোনো অভিযোগ প্রত্যাখ্যানের সংস্কৃতি বাদ দিয়ে মিয়ানমার সরকারকে এখন সত্য তথ্যের দিকে তাকাতে হবে।’