রোহিঙ্গা অভিবাসীদের দায় নিতে রাজি নয় মিয়ানমার
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের আহবানে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির সরকার। তারা বলেছে, নৌযানে করে সাগরে ভাসা অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, এ দায় তাদের একার নয়।
আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মিয়ানমারের উপকূল থেকে নৌযানে করে সাগরে চলে যাওয়া অভিবাসন-প্রত্যাশী রোহিঙ্গাদের সংকটের মূল কারণ অনুসন্ধানে দেশটির সরকারের প্রতি আহবান জানিয়েছে। রোহিঙ্গাদের তাদের রাষ্ট্রহীন হয়ে পড়ার বিষয়েও তাদের দৃষ্টি আকর্ষণ করে। এ বিষয়ে আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১৭টি দেশ ও কয়েকটি সংস্থার মধ্যে আলোচনা চলছে। সেখানে মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার সাম্প্রতিক অভিবাসন সংকট নিয়ে আলোচনা হচ্ছে। মিয়ানমারের একটি প্রতিনিধি দল এতে অংশ নিচ্ছে।
বৈঠকের শুরুতে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার সহকারী হাই কমিশনার ভলকার টার্ক রোহিঙ্গাদের মিয়ানমার ত্যাগের মূল কারণের ওপর জোর দিতে গিয়ে বলেন, মিয়ানমানের জনগণের পুরোপুরি দায়িত্ব তাদেরই নিতে হবে।
জবাবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হতিন লিন বলেন, নৌকায় ভাসমান অবৈধ অভিবাসীদের বিষয়টির দায়ভার মিয়ানমারের একার ওপর চাপানো যায় না।
চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রপথে প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি ধরা পড়েছে।