রোহিঙ্গা ইস্যুতে জাপানের মুখে কেন কুলুপ?

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সংকট জাপানকে কিছুটা অস্বস্তির মুখে ফেলেছে। জাপান সরকার মানবিক এই সংকট নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতিই দেয়নি। সরকারের নেতারাও বলা যায় মুখে কুলুপ এঁটে বসে আছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শিনজো আবে গত সপ্তাহে যে ভাষণ দিয়েছেন, তার পুরোটাই ছিল উত্তর কোরিয়ার জুজুর ভয় থেকে জাপানকে রক্ষায় দেশটির বিরুদ্ধে ইরাক কিংবা লিবিয়ার মতো আরেকটি সর্বগ্রাসী হামলা চালানোর যৌক্তিকতার ব্যাখ্যা। রোহিঙ্গা শরণার্থীদের কোনো জায়গা সেই ভাষণে হয়নি। যদিও জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি বিশ্বের অগ্রসর বেশ কয়েকটি দেশের নেতারা রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের আচরণকে কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, একই সঙ্গে গণহত্যা এবং জাতিগত নিধনের সর্বশেষ দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছেন।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়ার একটি দেশের সংখ্যালঘু জাতিসত্তার মানুষের মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ন্যক্কারজনক সেই দৃষ্টান্তের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবেও রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনায় জাপান এখন পর্যন্ত কোনো ভূমিকা রাখেনি। এর ফলে সমস্যা নিয়ে জাপান যে অস্বস্তির মধ্যে আছে, তা সহজেই অনুমান করা যায়। মিয়ানমার নিয়ে জাপানের অস্বস্তির পেছনে প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দেশটিতে জাপানের সরকারি ও বেসরকারি খাতের বিপুল বিনিয়োগ। মিয়ানমারের আংশিক গণতন্ত্রায়ণ কার্যকর হওয়ার আগে থেকেই পরিবর্তিত পরিস্থিতিতে লাভবান হওয়ার আশা নিয়ে বিনিয়োগে জাপান এগিয়ে যায়। সম্ভবত সেই ভাবনা থেকেই উটকো কোনো মন্তব্য করে অর্থনৈতিক সম্পর্কের সেই দিকটির কোনো রকম ক্ষতি করতে চাইছেন না জাপানের নেতারা। তাই মাঠপর্যায়ে ঠিক কী ঘটছে, সেদিকে নজর না দেওয়াকেই বুদ্ধিমানের কাজ বলে তাঁরা হয়তো ধরে নিয়েছেন।

রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে জাপানের বজায় রাখা এই দীর্ঘ নীরবতা ভেঙে পররাষ্ট্রমন্ত্রী তারো কুনো অবশ্য গত সপ্তাহে কিছু মন্তব্য করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। বৈঠকের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম শরণার্থী সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান ও যুক্তরাষ্ট্র। সেখানকার মানবাধিকার পরিস্থিতি ও সাধারণ নাগরিকদের হতাহত ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় দুই দেশ খুবই উদ্বিগ্ন। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় শরণার্থী ঘটনায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। তবে সমস্যার সমাধান কোন পথে হতে পারে এবং সংকট সৃষ্টির জন্য কারা দায়ী, তা নিয়ে তিনি কিছু বলেননি।
জাপান সরকার এর আগে ঘোষণা করেছে, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ৪০ লাখ মার্কিন ডলারের জরুরি সাহায্য বাংলাদেশ ও মিয়ানমারকে দেবে। অনুমান করা যায়, ঘোষণায় দুই দেশের নামের উল্লেখ থাকায় এর প্রায় অর্ধেক পরিমাণ বা আনুমানিক ২০ লাখ মার্কিন ডলার বাংলাদেশে পালিয়ে আসা প্রায় সাড়ে ৪ লাখ শরণার্থীর জন্য দেওয়া হবে। জাপান সরকার অবশ্য বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সাহায্য দিতে ছোট একটি চিকিৎসা দল ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়েছে।
জাপান সরকারের পাশাপাশি জাপানের সংবাদমাধ্যমও শরণার্থী সমস্যার ওপর খুব বেশি আলোকপাত এখন পর্যন্ত করেনি। একমাত্র ব্যতিক্রম এই ক্ষেত্রে ছিল ইংরেজি ভাষার সাময়িকী নিক্কেই এশিয়া রিভিউ। মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দীর্ঘ একটি একান্ত সাক্ষাৎকার গত সপ্তাহে সাময়িকীটি ছেপেছে। সেই সাক্ষাৎকারে অবশ্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা বললেও একই সঙ্গে আরও উল্লেখ করেছেন যে কিছু ঘটনা ঘটলেও রাখাইন মুসলমানদের বসবাসের ৩০ শতাংশ গ্রামে কোনো রকম আঁচড় একেবারেই পড়েনি। সবকিছু সেখানে আছে ঠিকঠাক, জীবন চলছে স্বাভাবিক গতিতে। তবে বাকি ৭০ শতাংশের বেলায় কী হচ্ছে, তা তিনি ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেছেন।