রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে জাকার্তায় বড় বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে গতকাল বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বড় বিক্ষোভ হয়েছে। অংশগ্রহণকারীরা মিয়ানমারকে নিপীড়ন বন্ধ করতে চাপ দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।
জনসংখ্যা বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে কয়েক দিন থেকেই টানা বিক্ষোভ চলছে। তবে গতকালের বিক্ষোভটি ছিল সবচেয়ে বড়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। এর আয়োজক ছিল ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট নামের একটি সংগঠন। তবে ইন্দোনেশিয়ার মূলধারার বিভিন্ন মুসলিম গ্রুপের সদস্যরাও এতে অংশ নেন।

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে যথেষ্ট সরব না হলে ইন্দোনেশিয়ার বর্তমান সরকার মুসলিম ভোটারদের বিরাগভাজন হতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গত সোমবার মিয়ানমারের নেতা অং সান সু চি এবং সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন। তিনি রাখাইন রাজ্যে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করার ওপর জোর দেন এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর কথা বলেন।